একদিকে আজই অভিষেকের হাজিরা সিবিআই দফতরে, অন্যদিকে এদিনই কালীঘাটে হানা ইডি-র, ঘুম থেকে তুলে চলল তল্লাশি

আজ, শনিবার সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এদিনই আবার কালীঘাটে হানা দিল ইডি। এর জেরে সপ্তাহান্তে বঙ্গ রাজনীতিতে ফের শোরগোল শুরু হয়েছে। কিন্তু কালীঘাটের কোথায় ইডির অভিযান চলল?

জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র বাড়িতে হানা দেয় ইডি। আজ, শনিবার সকাল ছ’টা নাগাদ তাঁর বাড়িতে পৌঁছয় ইডির একটি দল। ঘুম থেকে তুলে তল্লাশি চলে বলে খবর।

শুধুমাত্র সুজয়কৃষ্ণের কালীঘাটের বাড়ি ও ফ্ল্যাটই নয়, এর পাশাপাশি বেহালায় তাঁর অফিসেও তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেহালার ফকির পাড়া রোডের এক কনসালটেন্সি সংস্থায় সাতসকালে পৌঁছয় ইডি।

এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, নিয়োগ দুর্নীতিতে কি এই সংস্থাও জড়িতে? তবে শুধু কালীঘাটের কাকুর বাড়িতেই নয়, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় মোট ১০টি টিম অভিযানে নেমেছে ইডি। জেলা পরিষদের সদস্য জ্ঞানানন্দ সামন্তর বাড়িতেই হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সির দল।

উল্লেখযোগ্যভাবে, আজই আবার কুন্তল ঘোষের চিঠি মামলায় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এর আগে অন্য এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এভাবে কালীঘাটের নানান জায়গায় অভিযান চালানো যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য। এই কালীঘাটের কাকু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মচারী। তাঁর মুখে একাধিকবার অভিষেকের নাম শোনা গিয়েছে।

এর আগেও কালীঘাটের কাকুর বাড়ি তল্লাশি চালিয়েছে সিবিআই। তলবও করা হয়েছে তাঁকে একাধিকবার। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। সব মিলিয়ে শনিবার সকালটা যে শাসক দলের পক্ষে খুব একটা সুখকর নয়, তা আর বলার অপেক্ষা রাখে না।

RELATED Articles