পুরভোটে উত্তপ্ত শহর, ভুয়ো ভোটার ধরতেই আক্রান্ত সংবাদমাধ্যম, নির্বাক দর্শকের ভূমিকা পালন কলকাতা পুলিশের

পুরভোটের জেরে গোটা শহরে ধুন্ধুমার কাণ্ড। সকাল থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই নানা বুথ থেকে নানান অভিযোগ আসতে শুরু করেছে। কোথাও বোমাবাজির অভিযোগ তো কোথাও আবার বিজেপি প্রার্থীর পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ এসেছে। এসবের মধ্যেই আক্রান্ত হল সংবাদমাধ্যম।

কলকাতার ৪৫ ওয়ার্ডে ধরা পড়ল ভুয়ো ভোটার। আর এর জেরেই আক্রান্ত হলেন এক সাংবাদিক। এই ঘটনা নিয়ে দফায় দফায় হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও কংগ্রেস। দুই দলের প্রার্থীদের মধ্যে চলে তুমুল বচসা, আর তা গড়ায় হাতাহাতিতে।

এই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হলেন শক্তিপ্রতাপ সিং ও কংগ্রেসের প্রার্থী হলেন সন্তোষ কুমার পাঠক। তিনি ২০০৫ সাল থেকে তিনি এই ওয়ার্ডের কাউন্সিলর। এই ওয়ার্ডের বিজেপির প্রার্থী হলেন কুশল পাণ্ডে।

তৃণমূলের তরফে অভিযোগ করা হয় যে কংগ্রেসের তরফে গালিগালাজ করা হয়েছে আর অন্যদিকে আবার কংগ্রেসের পাল্টা অভিযোগ তৃণমূল থেকে ভুয়ো ভোটার আনা হয়েছে ছাপ্পা ভোটের জন্য। এমন অভিযোগ উঠতেই তৃণমূলের তরফে চড়াও হয় কর্মীরা। এই হাতাহাতির জেরেই আক্রান্ত হন এক সাংবাদিক।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ। কিন্তু এই ঘটনায় পুলিশকে নির্বাক দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশ কোনও পদক্ষেপ করে নি এই ঘটনায়। রাজ্য নির্বাচন কমিশনের তরফে আদালতে দাবী করা হয়েছিল যে শান্তিপূর্ণভাবে পুরভোট হবে। কিন্তু তা শেষ পর্যন্ত হল না। নিজের কথা রাখতে ব্যর্থ রাজ্য নির্বাচন কমিশন।

RELATED Articles