দেশের এই দুর্দিনে করোনার মোকাবিলায় এবার মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস। প্রধানমন্ত্রী করোনা তহবিল PM-CARES ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট ১ কোটি ৫০ লক্ষ টাকা দান করল এই গহনা প্রস্তুতকারী সংস্থা৷ সংস্থার এই আর্থিক সাহায্যের মধ্যে রয়েছে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর ২,৫০০ কর্মীর একদিনের বেতন এবং সেনকো গোল্ডের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিদের সাহায্যও৷ সংস্থার তরফে জানানো হয়েছে, দেশ যে সংকটময় পরিস্থিতিতে রয়েছে, তাতে তাদের পাশে রয়েছে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস।
সংস্থার চেয়ারম্যান শঙ্কর সেনের কথায়, ‘করোনার বিরুদ্ধে বিশ্ব এখন একজোট হয়ে লড়ছে৷ কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকার করোনা রুখতে অনেক পদক্ষেপ নিচ্ছেন। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গোষ্ঠীও সরকারের এই লড়াইয়ে পাশে রয়েছে৷ আমরা আমাদের গ্রাহক, কর্মী ও দেশের মানুষদের রক্ষার জন্য সাধ্যমতো চেষ্টা করব৷’
একই সঙ্গে সংস্থা জানিয়েছে, এই কঠিন পরিস্থিতিতেও কোনও কর্মীর বেতন কাটা হবে না৷ ১০০-রও বেশি শোরুমে কর্মরত সব কর্মীকে পুরো বেতন দেওয়া হবে৷






