ফের একবার বিজেপি যুব মোর্চার মিছিল ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল তিলোত্তমা। কিছুদিন ধরেই রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে রাজ্য সরকারের দিকে আঙুল তোলে বিজেপি। এমনকি রাজ্যে আইনি পরিকাঠামো ভেঙে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে রাজ্যপালকেও। এই একই অভিযোগে আজ, বুধবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল বিজেপি যুব মোর্চা। এই মিছিল ঘিরেই ফের একবার চাঞ্চল্য ছড়াল সেন্ট্রাল অ্যাভিনিউতে।
জানা যায়, আজ দুপুরে বিজেপির রাজ্য সদর দফতর ৬ নং মুরলী ধর সেন লেন থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করার কথা ছিল বিজেপি যুব মোর্চার। কিন্তু মুরলী ধর সেন লেনের সামনেই মিছিল আটকানোর জন্য ব্যারিকেড দেয় পুলিশ। এই নিয়েই শুরু হয় বিক্ষোভ।
পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকাতে চাইলে ক্ষিপ্ত হয়ে উঠে গেরুয়া শিবির। ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। এর জেরে ক্রমশ পরিস্থিতি ভয়াবহ হতে শুরু করে। গেরুয়া শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি হওয়ার খবরও পাওয়া গেছে। এরপর বিজেপি যুব মোর্চার কর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যার জেরে অবরোধ হয়ে যায় সেন্ট্রাল অ্যাভিনিউর একাংশ। পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু বিজেপি কর্মীদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে গেরুয়া শিবিরের বেশ কিছু কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এমনকি বিজেপি মহিলা কর্মীদের উপরেও লাঞ্ছনার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এদের মধ্যে অভিনেত্রী রিমঝিম মিত্র ও কাঞ্চনা মৈত্রও ছিলেন বলে জানা গিয়েছে।
বছর গড়ালেই বিধানসভা ভোট। তাই শাসকদল থেকে বিরোধী, সকলেই নিজের নিজের মতো করে চেষ্টা করছে যাতে একে অপরকে চাপে ফেলা যায়। তবে এবার শুধু রাজ্যের গেরুয়া শিবির নয়, কেন্দ্র-এর নজরেও রয়েছে পশ্চিমবঙ্গ।
গত ৮ই অক্টোবর বিজেপি যুব মোর্চাই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। এদিন পরিকল্পনা করা হয়েছিল যে একগুচ্ছ দাবী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিবালয় ঘেরাও করা হবে। কিন্তু তার আগেই জীবাণুনাশকরণের জন্য দু’দিন নবান্ন বন্ধ রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কিন্তু এরপরেও বহাল থাকে গেরুয়া শিবিরের মিছিলের সিদ্ধান্ত।
সেইবারেই বিজেপি মিছিল পণ্ড করতে নবান্নে ঢোকার প্রত্যেক রাস্তাতে ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় পুলিশ। হাওড়া ময়দানে ব্যারিকেড ভেঙে মিছিল এগোতে গেলে পুলিশের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। পুলিশের তরফ থেকে চলে লাঠিচার্জ, জলকামান, ছোঁড়া হয় রঙিন রাসায়নিক শেল। এই ঘটনায় কলকাতা এক রণক্ষেত্রে পরিণত হয়েছিল। একই পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছিল সাঁতরাগাছি ও হেস্টিংসেও।






