দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরে পরিস্থিতি আরও চিন্তার, কারণ সেখানকার দুর্যোগ যেন থামছেই না। মৌসুমি অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর আগামী দু’দিন উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের সাবধান থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানাচ্ছে, মৌসুমি অক্ষরেখা এখন ফরিদকোট, লুধিয়ানা, নাজিবাবাদ, শাহজাহানপুর, বালিয়া, জলপাইগুড়ি হয়ে পূর্ব-উত্তর পূর্ব অরুণাচল পর্যন্ত বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, যা উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে। উত্তরের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।
দক্ষিণবঙ্গে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায়। বুধবারের জন্য সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃহস্পতিবার পর্যন্ত এই ঝড়বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বিশেষ সতর্কতা জারি হয়নি।
সমুদ্র পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, সোমবার ও মঙ্গলবার কোনো সতর্কতা নেই। তবে বুধবার ও বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে হাওয়া বইতে পারে, দমকা হাওয়া ৫৫ কিমি পর্যন্ত পৌঁছতে পারে। ফলে সমুদ্র উত্তাল থাকতে পারে, তাই মৎস্যজীবীদের সাবধান করা হয়েছে।
উত্তরবঙ্গে সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার উত্তর দিনাজপুরে, আর বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে টানা তিন দিন অতি ভারী বৃষ্টি হতে পারে, এজন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুনঃ RG KAR case : “আমার মেয়েকে কাজের জায়গায় মারা হল কেন?” রাজনীতির ছকে আক্রান্ত আরজি কর ধর্ষণ*কাণ্ডের পরিবার, বাবার সরাসরি অভিযোগ CPM-এর দিকে!
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি।





