রাজ্য রাজনীতির অন্দরে ফের উত্তেজনা। একদিকে মানহানির নোটিস, অন্যদিকে পাল্টা বিস্ফোরক অভিযোগ—এই দুই মেরুকরণের মাঝেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তিলোত্তমার মৃত্যুকে ঘিরে রাজ্য রাজনীতি যে ঝড় তুলেছিল, সেই আগুনে যেন ফের ঘি ঢালল কুণাল ঘোষ এবং নির্যাতিতার পরিবারের প্রকাশ্য সংঘাত।
বুধবার পরিস্থিতি নতুন মোড় নেয়। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নির্যাতিতার বাবার বিরুদ্ধে মানহানির নোটিস পাঠান। সেই ঘটনার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন তিলোত্তমার মা। তিনি বলেন, “ওঁর মন আছে বলে আমার মনে হয় না। নামটাও মুখে নেব না।” এখানেই শেষ নয়, কুণাল ঘোষ কি সিবিআই-এর কাছে গিয়ে কোনোভাবে সেটেলমেন্ট করতে চেয়েছিলেন কি না, এই প্রশ্ন তুলতেই নির্যাতিতার মা-বাবা একসঙ্গে বলেন—“হ্যাঁ, আমাদের কথা বিশ্বাস না হলে এই বিষয়টা নিয়েই তদন্ত হোক।”
প্রথমে সাধারণ অভিযোগে সীমাবদ্ধ থাকলেও, পরে আরও বিস্ফোরক মন্তব্য করেন তিলোত্তমার মা। তাঁর দাবি, কুণাল ঘোষ সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ করে টাকা দিয়ে বিষয়টি রফা করার চেষ্টা করেছিলেন। যদিও তিনি স্বীকার করেন, কুণাল তাঁদের বাড়িতে আসেননি। তবে কথায় কথায় নাকি বলেছিলেন, “আপনাদের এত টাকা দিচ্ছি, ব্যাপারটা মিটিয়ে নিন।” এরই পরিপ্রেক্ষিতে নির্যাতিতার বাবা সাংবাদিকদের সামনে হোয়াটসঅ্যাপ চ্যাট তুলে ধরেন।
চ্যাটে প্রেরকের নাম লেখা ছিল—‘TMC Kunal Ghosh’। অভিযোগ অনুযায়ী, নানা সময় কুণাল ঘোষ মেসেজ করতেন তাঁদের। কখনও পথনির্দেশ দিতেন, কখনও বলতেন তাঁরা ভুল পথে হাঁটছেন। তবে টাকার প্রসঙ্গে কোনও লিখিত প্রমাণ নেই বলেই জানিয়েছেন তিলোত্তমার বাবা। শুধু মেসেজ নয়, কুণাল মাঝেমধ্যেই ফোন করতেন এবং একবার ভিডিও পাঠানোর কথাও দাবি করেন তাঁরা।
আরও পড়ুনঃ India US Relations: ‘চীনের প্রভাব বাড়ছে, ভারত হারালে ওয়াশিংটনের জন্য হবে বড় সংকট’ — নিকি হ্যালির হুঁশিয়ারি!
অভিযোগের জবাবে তৃণমূল নেতা কুণাল ঘোষ সবকিছুই অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, “তিলোত্তমার বাবা আমায় আক্রমণ করেছেন। বলেছেন, আমি নাকি ফোন করে করে রফার চেষ্টা করতাম। এতদিন বাদে এসব বলছেন? তারপর আবার হোয়াটসঅ্যাপ চ্যাট বের করে দেখাচ্ছেন। আমি হাত জোড় করে বলছি, কোর্টে আসুন, বিচারকের সামনে প্রমাণ দিন।” এখন আদালত কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার বিষয়। তবে এই মামলা ঘিরে রাজনীতির পারদ ফের ঊর্ধ্বমুখী, তাতে কোনও সন্দেহ নেই।





