বিদ্যুৎ নেই, ক্ষোভ প্রশমনে গিয়ে বিক্ষোভকারীদের ছোঁড়া ইঁটে মাথা ফাটল তৃণমূল বিধায়কের

এবার আমজনতার ছোঁড়া ইঁটের ঘায়ে মাথা ফাটল তৃণমূল বিধায়কের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কলকাতার দক্ষিণ শহরতলির নাদিয়াল থানার কাঞ্চনতলা এলাকায়।অভিযোগ, মঙ্গলবার বিকালে এলাকায় বিদ্যুৎ না ফেরায় সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। স্থানীয় বিধায়ক সেখানে পৌঁছলে ইট এসে পড়ে তাঁর মাথায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘূর্ণিঝড় আমফান চলে যাওয়ার ৬ দিন পরেও নাদিয়ালের একাংশে বিদ্যুৎ সংযোগ ফেরেনি। যদিও এলাকার একাংশে বিদ্যুৎ এসেছে। এতেই যে অংশে বিদ্যুৎ আসেনি সেখানকার বাসিন্দারা পথ অবরোধ শুরু করেন। পালটা পথ অবরোধ তুলে নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন যে দিকে বিদ্যুৎ এসেছে সেখানকার মানুষজন। কিছুক্ষণের মধ্যে দুইপক্ষের সংঘর্ষ বাঁধে।

এরপরে শুরু হয় দুইপক্ষের ইঁটবৃষ্টির লড়াই। তখন ঘটনাস্থলে পৌঁছন মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আবদুল খালেক মোল্লা। ইঁট উড়ে এসে পড়ে তাঁর মাথায়। রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপরেই বসে পড়েন তিনি। তাঁর মুখেও আঘাত লাগে।

খবর পেয়ে নাদিয়াল থানা থেকে পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। এখনও এলাকায় বজায় রয়েছে থমথমে পরিস্থিতি।

RELATED Articles

Leave a Comment