Dumdum : পুরনো সোনা বিক্রির ছলে বড়সড় ছক! নাগেরবাজারে সিসিটিভি ফুটেজ দেখে ধরা পড়ল দুই মহিলার চুড়ির কান্ড!

দোকানে ঢুকে চুপিচুপি গয়না সরানো, আর একটু হলেই বেরিয়ে যেতেন পার পেয়ে। কিন্তু শেষরক্ষা হল না। নাগেরবাজারের এক সোনার দোকানে এমনই নাটকীয় ঘটনা ঘটল। পুরনো সোনা বিক্রির নাম করে দোকানে ঢুকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন দুই মহিলা। সিসিটিভি খতিয়ে দেখে তাঁদের শনাক্ত করেন দোকানদার। পরে খবর যায় পুলিশে।

ঘটনাটি ঘটেছে নাগেরবাজারের জনপ্রিয় মা কালী জুয়েলার্স দোকানে। অভিযোগ, সোমবার দুপুর নাগাদ দুই মহিলা পুরনো সোনা বিক্রির ছলে দোকানে প্রবেশ করেন। দোকানদারকে জানান, তাঁরা নতুন গয়না কিনবেন। সোনা কেনার আগ্রহ দেখিয়ে বিভিন্ন ধরনের গয়না দেখতে শুরু করেন তাঁরা। দোকানদার ব্যস্ত হয়ে পড়েন গয়নাগুলি দেখাতে। অভিযোগ, এই সুযোগেই ওই দুই মহিলা দুটি সোনার আংটি এবং একটি লকেট নিজেদের ব্যাগে গুঁজে ফেলেন।

তবে মহিলাদের অস্বাভাবিক আচরণ দোকানদারের নজর এড়ায়নি। কিছুক্ষণ পরই গয়না মিলিয়ে দেখার সময়ে দোকানদার দেখতে পান যে বেশ কয়েকটি গয়না নিখোঁজ। সঙ্গে সঙ্গেই তিনি দুই মহিলাকে দোকানে বসিয়ে রাখেন এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন। ফুটেজ দেখে সমস্ত সন্দেহ নিশ্চিত হয়। এরপর দোকানদার নাগেরবাজার থানায় খবর দেন।

খবর পেয়েই নাগেরবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই মহিলাকে আটক করে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের হয়। ধৃত দুই মহিলার নাম ত্রিশিতা চক্রবর্তী এবং সহেলি মাইতি। পুলিশ সূত্রে খবর, ওই দুই মহিলা এলাকার পরিচিত চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন বলেও সন্দেহ।

আরও পড়ুনঃ Bangladesh Election : বাংলাদেশে হিন্দু নিধন-রাজনৈতিক অস্থিরতা, চিন্ময়কৃষ্ণ দাস ইস্যুতে চাঞ্চল্য! ভোটে কার পাশে থাকবে সংখ্যালঘু হিন্দুরা?

বর্তমানে দু’জনকেই থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। আজ তাঁদের বারাকপুর আদালতে তোলা হবে। এই ঘটনার পর এলাকায় সোনার দোকানগুলিতে সতর্কতা আরও জোরদার করা হয়েছে। দোকানদারদেরও সিসিটিভি ফুটেজ সবসময় নজরে রাখার পরামর্শ দিয়েছে পুলিশ।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles