সারা রাজ্য জুড়ে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়াতে শুরু করেছে। ইতিমধ্যেই গত এক সপ্তাহের ব্যবধানে রাজ্যে দু’জনের মৃত্যু ঘটেছে। এমন পরিস্থিতিতে মানুষের মনে নতুন করে প্রশ্ন উঠেছে— রাজ্যজুড়ে কি ফের কড়া বিধিনিষেধ জারি হতে চলেছে? জনজীবনে কি আবারও করোনা-আতঙ্ক ফিরে আসবে? এই প্রশ্নের জবাব পেতে মুখ চেয়ে ছিল রাজ্য সরকারের দিকে। ঠিক এই সময়েই নবান্ন থেকে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ জন। ফলে রাজ্যজুড়ে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৭ জন। আরও উদ্বেগ বাড়িয়েছে সম্প্রতি হওয়া মৃত্যুর ঘটনা। জানা গিয়েছে, বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ৪৮ বছরের এক করোনা আক্রান্ত ব্যক্তি প্রাণ হারিয়েছেন। চলতি সপ্তাহেই এটি রাজ্যের দ্বিতীয় করোনা-সংক্রান্ত মৃত্যু। তবে এই মৃত্যু নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে প্রশাসন।
রাজ্যের স্বাস্থ্য ভবনের তরফ থেকে জানানো হয়েছে, মৃত ব্যক্তির চিকিৎসার সমস্ত নথি খতিয়ে দেখা হয়েছে। তাদের দাবি, আক্রান্ত ব্যক্তি করোনা পজিটিভ হলেও মৃত্যুর মূল কারণ ছিল শরীরে থাকা একাধিক জটিল রোগ। করোনা সরাসরি মৃত্যুর জন্য দায়ী নয়। অন্য অসুস্থতার কারণেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি প্রাণ হারান। তবে এই ঘটনার পরে সতর্কতা যে আরও বাড়ানো দরকার, সে ব্যাপারে একমত সকলেই।
শুধু বাংলা নয়, গোটা দেশেই ধীরে ধীরে বাড়ছে করোনা সংক্রমণ। গত চব্বিশ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৯১ জন। যদিও বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে এবং উদ্বেগের কিছু নেই। তবুও আগাম সতর্কতা বজায় রাখারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
আরও পড়ুনঃ Dumdum : পুরনো সোনা বিক্রির ছলে বড়সড় ছক! নাগেরবাজারে সিসিটিভি ফুটেজ দেখে ধরা পড়ল দুই মহিলার চুড়ির কান্ড!
সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। আবার মহামারী পরিস্থিতি তৈরি হবে না। রাজ্যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’’ তিনি আরও জানান, সরকার সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখেছে। সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার পরিকাঠামো পর্যাপ্ত রয়েছে। প্রয়োজনে যে কেউ চিকিৎসার জন্য এগিয়ে এলেই তা নিশ্চিত করা হবে। মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘‘স্বাভাবিক জীবনযাত্রা বজায় থাকবে। তবে সকলকে সতর্ক থাকতে হবে।’’





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!