কবে জল সরবরাহ বন্ধ থাকবে তিলোত্তমায়, জেনে নিন সময়সূচি

টালা ট্যাংককে বলা যেতে উত্তর কলকাতার জলের ঠিকানা। গত বছরেই টালার আধারগুলি মেরামতির কাজ হয়। এই সময় উত্তর কলকাতায় জলের সমস্যা দেখা দেয় বেশ কয়েকদিন ধরে। ফের সেই একই বিপত্তি। টালার জলের পাইপে ফাটল ধরেছে যার জেরে চলতি সপ্তাহেই ২৪ ঘণ্টার জন্য উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহ বন্ধ রাখা হবে। এমনটাই জানালেন পুরনিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

জানা গিয়েছে, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পিছনে যে রেললাইন আছে, সেখানকার জলের পাইপ ফেটে গিয়েছে। এর ফলে হাসপাতালের জরুরি বিভাগের সামনে জল জমে যাচ্ছে। জল দাঁড়িয়ে যাচ্ছে রেললাইনের একাংশেও। কলকাতা পুরনিগমের জল বিভাগের ইঞ্জিনিয়াররা সমস্যা খতিয়ে দেখে জানিয়েছেন যে, রেললাইনের কাছের একটি ৬৪ ইঞ্চি পাইপ ফেটে গিয়েই এই অবস্থা হয়েছে। তা স্থায়ীভাবে এখনই সারাই করা প্রয়োজন। এই কাজের জন্যই চলতি সপ্তাহে ২৪ ঘণ্টার জন্য জল সরবরাহ বন্ধ রাখা হবে। খবর অনুযায়ী, আগামী শনিবার ২৮শে নভেম্বর বিকেল থেকে রবিবার ২৯শে নভেম্বর সকাল পর্যন্ত উত্তর কলকাতায় বন্ধ থাকবে জল সরবরাহ।

এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, “আর জি কর হাসপাতালের কাছে জলের পাইপে একটা বড়সড় লিক হয়েছে যা আগেও ছিল। সাময়িকভাবে মেরামতিও করা হয়েছিল কিন্তু আবার পাইপ ফেটে রেললাইনের বিভিন্ন জায়গায় জল বেরিয়েছে। স্থায়ীভাবে এই সমস্যার সমাধান করতে হবে। তাই শনিবার আমরা টালা বন্ধ রাখব। রবিবার সকালের মধ্যে মেরামতির কাজ হয়ে গেলে আবার জল সরবরাহ স্বাভাবিক করতে পারব বলে আশা করছি”।

জানা গিয়েছে, শনিবার সকালে জল সরবরাহ স্বাভাবিক থাকবে। এরপর সেদিন বিকেল থেকে সারা উত্তর কলকাতায় জল পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। তবে গার্ডেনরিচ থেকে যেসমস্ত জায়গায় জল সরবরাহ করা হয়, সেখানে জল পরিষেবার কোনও ঘাটতি হবে না বলেই জানিয়েছেন ফিরহাদ হাকিম। তবে এই বিষয় নিয়ে আজ, মঙ্গলবার বিস্তারিত খবর দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

RELATED Articles