নিভারের পরোক্ষ প্রভাবে শীতে বাধা রাজ্যে, ফের পারদ নামবে সপ্তাহান্তেই

আজ সকাল থেকেই শহরে আকাশের মুখ ভারে, মেঘলা পরিবেশ। তাপমাত্রাও বেড়েছে খানিক। সৌজন্যে তামিলনাড়ুর ঘূর্ণিঝড় ‘নিভার’। কিন্তু বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এ রাজ্যে, এমনটাই জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের সূত্রে। তবে সপ্তাহের শেষেই ফের তাপমাত্রার পারদ নামবে রাজ্যে। পড়বে জাঁকিয়ে শীত।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২৬ তারিখ তাপমাত্রা একটু বাড়বে। ফের তারপর থেকে রাজ্যজুড়ে তাপমাত্রা ফের কমতে থাকবে। ফিরে আসবে শীত। এ মাস জুড়েই বেশ ঠাণ্ডার আমেজ বজায় থাকবে বাংলায়। আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার শহরের তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। গতকাল বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আজ শহর ও শহরতলিতে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ ও সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ ৫১ শতাংশ।

উল্লেখ্য, প্রথম থেকেই নিভার অতিপ্রবল ঘূর্ণিঝড় ছিল। তবে মাটিতে আছড়ে পড়ার পর তা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। সেট এখন ধীরে ধীরে উত্তর পশ্চিমে এগোচ্ছে। অপরদিকে বাংলাদেশ ও সংলগ্ন এলাকার দিকে একটি ঘূর্ণাবাত অবস্থান করছে ও অন্য একটি ঘূর্ণাবাত রয়েছে বিহার ও পূর্ব উত্তরপ্রদেশের উপরে। এই তিনের বাধায় বঙ্গে তাপমাত্রা বেড়েছে। তবে এই ঘূর্ণিঝড়ের জেরে রীতিমতো বিপর্যস্ত তামিলনাড়ু ও পদুচেরির বিস্তীর্ণ এলাকা। প্রভাব পড়া শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকেও।

জানা গিয়েছে, এখনও অবধি ঝড়ের গতি ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে কারাইকল ও মামাল্লাপুরম এলাকায়। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই বিপর্যয় মোকাবিলায় কাজ করছে ৩০টি দল। তবে নরেন্দ্র মোদী সংশ্লিষ্ট রাজ্যগুলিকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন।

RELATED Articles