রাজ্যের বহু তরুণ-তরুণীর কাছে নতুন প্রকল্প মানেই নতুন আশার আলো। চাকরির অপেক্ষায় থাকা হাজার হাজার পরিবারের চোখ এখন একটাই দিকে—সরকারি আর্থিক সহায়তা কবে হাতে পৌঁছবে। প্রথম দিন থেকেই যে সাড়া মিলেছে, তা বুঝিয়ে দিয়েছে কতটা প্রত্যাশা জড়িয়ে রয়েছে এই উদ্যোগকে ঘিরে। প্রশাসনিক মহলেও তাই তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
প্রথম দিনেই রাজ্য জুড়ে শিবিরগুলিতে উপচে পড়া ভিড়। সরকারি হিসেবে ৭৬৯টি শিবিরে আসেন ৬ লক্ষ ২৯ হাজার মানুষ। তার মধ্যে প্রায় ৫ লক্ষ ৬৬ হাজার আবেদনই জমা পড়ে ‘যুবসাথী’ প্রকল্পে। এত বিপুল সাড়া মিলতেই নবান্ন বুঝতে পারে, শুধুমাত্র অফলাইন ব্যবস্থায় চাপ সামাল দেওয়া কঠিন হবে। সেই কারণেই রবিবার রাত ১২টা থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হল অনলাইন আবেদন প্রক্রিয়া।
আবেদনকারীরা নির্দিষ্ট পোর্টালে লগইন করলেই বাঁদিকে ‘স্বনির্ভর বাংলা’ এবং ডানদিকে ‘বাংলার যুবসাথী’ বিকল্প দেখতে পাবেন। ‘ক্লিক টু অ্যাপ্লাই’ অপশনে গিয়ে ‘অ্যাপ্লাই অনলাইন’ নির্বাচন করলেই শুরু হবে মূল প্রক্রিয়া। আবেদন করতে প্রয়োজন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি এবং সাদা কাগজে নিজের সইয়ের স্পষ্ট ছবি। নথি আপলোডের পর মোবাইলে পাঠানো ওটিপি প্রবেশ করালেই আবেদন সম্পূর্ণ হবে। সফল আবেদন জমা পড়লে ডাউনলোড করা যাবে কপিও।
গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তিকালীন বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ‘যুবসাথী’ প্রকল্পের ঘোষণা করেন। প্রথমে জানানো হয়েছিল, ১৫ অগস্ট থেকে প্রকল্প চালু হবে। তবে ১০ ফেব্রুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ১ এপ্রিল থেকেই কার্যকর হবে এই প্রকল্প। সেই সিদ্ধান্ত অনুযায়ী আবেদন গ্রহণ চলছে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরও পড়ুনঃ Pratikur Rahaman : সেলিম-হুমায়ুন বিতর্কের আবহেই বিস্ফোরণ, চিঠি দিয়ে সিপিএম ছাড়ার পথে প্রতীক উর রহমান!
২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক উত্তীর্ণ কর্মহীন যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত অথবা সর্বাধিক পাঁচ বছর মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনও প্রযুক্তিগত সমস্যা হলে পোর্টালের নির্দেশিকা ভালো করে পড়তে হবে অথবা হেল্পডেস্ক নম্বরে যোগাযোগ করতে হবে। অফলাইনের বিপুল সাড়া সামাল দিতে মধ্যরাতের এই ডিজিটাল সূচনা যে বড় পদক্ষেপ, তা নিয়ে সংশয় নেই প্রশাসনিক মহলে।





