ফেব্রুয়ারি শেষ হতে না হতেই রাজ্যে আবহাওয়ার বদল স্পষ্ট। শীত পুরোপুরি বিদায় নিয়েছে, গরম তার থাবা বসাতে শুরু করেছে। সকাল-বিকেল কিছুটা স্বস্তি থাকলেও দুপুরের দিকে রোদের তেজ বাড়ছে প্রতিদিন। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ইতিমধ্যেই গরমের অনুভূতি বেশ চড়া। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে, যার ফলে মার্চের প্রথম সপ্তাহ থেকেই গরমের দাপট টের পাওয়া যাবে।
দক্ষিণবঙ্গে গরমের দাপট আরও বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা থাকলেও দিনের বেলা রোদ ঝলমলে থাকবে। ফলে দুপুরে বাইরে বেরোনো দুষ্কর হতে পারে। আগামী ৭ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা আলাদা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং ও কালিম্পঙের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারেও সামান্য বৃষ্টি হতে পারে, তবে জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং ৭ মার্চ পর্যন্ত বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
কলকাতার পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। আবহাওয়াবিদদের মতে, শহরের তাপমাত্রা মার্চের শুরুতেই ৩৩-৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি বেশি। সকালের দিকে কিছুটা কুয়াশা থাকলেও, দুপুরের দিকে আকাশ পরিষ্কার থাকবে ও গরম অনুভূত হবে বেশি। তবে, কলকাতাবাসীর জন্য দুঃসংবাদ—চলতি সপ্তাহে গরম আরও বাড়বে, আর বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
আরও পড়ুনঃ রাহুর প্রবেশ পূর্বভাদ্রপদে! তিন রাশির জন্য সৌভাগ্যের দ্বার নাকি মহা সংকট?
গরমের দাপট বাড়তে থাকলেও স্বস্তির বৃষ্টি কবে আসবে, সেই নিয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য দেয়নি হাওয়া অফিস। তবে, আবহাওয়াবিদদের মতে, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তর-পশ্চিমের হাওয়া প্রবেশ করলে কিছুটা পরিবর্তন হতে পারে। তবে সেটাও নির্ভর করবে অন্যান্য আবহাওয়া পরিবর্তনের উপর। এখনই স্বস্তি পাওয়ার আশা কম। ফলে গরম মোকাবিলায় সাবধানতা অবলম্বন করাই শ্রেয়।





