YouTube : বুধবার ভোর থেকেই অচল ইউটিউব! বিশ্বজুড়ে ব্যবহারকারীদের চরম ভোগান্তি

বুধবার ভোরের ব্যস্ততায় অনেকেই দিনের শুরুটা করেন মোবাইল হাতে। কেউ খবর দেখেন, কেউ গান শোনেন, কেউ আবার প্রিয় ভ্লগ বা লাইভ অনুষ্ঠান দেখতে বসেন। কিন্তু এ দিন সেই চেনা অভ্যাসে হঠাৎই ছন্দপতন। স্ক্রিনে ভিডিও লোড হচ্ছে না, বারবার ত্রুটির বার্তা ভেসে উঠছে। ঠিক কী ঘটল, তা বুঝে ওঠার আগেই উদ্বেগ ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।

কিছুক্ষণ পরেই স্পষ্ট হয়, সমস্যা বিচ্ছিন্ন নয়। জনপ্রিয় ভিডিও দেখার প্ল্যাটফর্ম ইউটিউব বিশ্বজুড়ে বড়সড় বিভ্রাটের মুখে পড়েছে। অ্যাপ খুলতে গেলেই বা ভিডিও চালাতে চাইলেই দেখা যাচ্ছিল একটাই বার্তা— ‘Something Went Wrong’। ভারত-সহ একাধিক দেশে ব্যবহারকারীরা একই সমস্যার কথা জানাতে শুরু করেন। অনেকেই পেজ রিফ্রেশ করেও সমাধান পাননি।

পরিষেবা বিপর্যয়ের খবর দ্রুত ধরা পড়ে নজরদারি সংস্থা ডাউনডিটেক্টর–এর পরিসংখ্যানে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা লাফিয়ে বাড়ে। শুধু আমেরিকাতেই প্রায় ৩ লক্ষ ২০ হাজার ব্যবহারকারী সমস্যার কথা জানান। অভিযোগের বড় অংশই ছিল অ্যাপ ব্যবহার এবং ভিডিও দেখার সংক্রান্ত।

ভারতের ক্ষেত্রেও পরিস্থিতি ছিল উদ্বেগজনক। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে বিভ্রাট চরমে পৌঁছায়। এই এক ঘণ্টায় প্রায় ২০ হাজার অভিযোগ জমা পড়ে। তথ্য অনুযায়ী, প্রায় ৭৪ শতাংশ ব্যবহারকারী অ্যাপ খুলতেই পারছিলেন না, আর ১৬ শতাংশের ক্ষেত্রে ভিডিও সম্পূর্ণ থমকে যায়। শুধু মূল প্ল্যাটফর্মই নয়, ব্যাহত হয় লাইভ টেলিভিশন দেখার পরিষেবাও। সেখানে প্রায় ১০ হাজার গ্রাহক পরিষেবা না পাওয়ার অভিযোগ জানান। অর্থাৎ সাধারণ ভিডিও দেখা থেকে লাইভ অনুষ্ঠান— সব ক্ষেত্রেই বিপাকে পড়েন দর্শকরা।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: ‘বাংলাদেশের সেতু হুমায়ুন’—বাবরি মসজিদে বিদেশি অর্থের দাবি শুভেন্দুর, নতুন দল গঠনে বাড়ল রাজনৈতিক ঝড়!

বুধবার সকালের এই বিভ্রাটে স্বাভাবিকভাবেই চরম হয়রানির শিকার হন নেটিজেনরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। অভিযোগের সংখ্যাও কমতে থাকে। যদিও বিভ্রাটের নির্দিষ্ট কারণ নিয়ে সংস্থার তরফে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবুও কয়েক ঘণ্টার মধ্যেই পরিষেবা আংশিকভাবে ফিরতে শুরু করায় স্বস্তি ফেরে ব্যবহারকারীদের মধ্যে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর