যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে অনেক ভারতীয়কে দেশে ফিরিয়ে নিয়ে এলেও, এখনও অসংখ্য ভারতীয় রয়েছে সেদেশে। ইউক্রেনে আটকে থাকা ৩ হাজার ৭২৬ জন ভারতীয়কে ফেরাতে আজই উড়ে যাচ্ছে ১৯টি বিমান। ইউক্রেনের প্রতিবেশী দেশ থেকে ফেরানো হবে তাদের কারণ ইউক্রেনে আকাশপথ বন্ধ।
এই বিষয়ে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, “অপারেশন গঙ্গার আওতায় ৩ হাজার ৭২৬ জনতে আজ দেশে ফিরিয়ে আনা হবে। বুচারেস্ট থেকে ৮টি, সুসেভা থেকে ২ টি, কসআইস থেকে ১টি, বুদাপেস্ট থেকে ৫ টি, রজেসজো থেকে ৩ বিমানে করে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তাদের দেশে ফিরিয়ে আনা হবে”।
অপারেশন গঙ্গার আওতায় বিমানের সংখ্যা বৃদ্ধি করছিল কেন্দ্র সরকার। এরপর পরিবহণ মন্ত্রীর এই ঘোষণা আশার আলো দেখিয়েছে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের মনে।
গত ২৪শে ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরু করে ইউক্রেনে। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের নিয়ে প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয়দের দেশে ফেরাতে ‘অপারেশন গঙ্গা’ নামের অভিযান শুরু করেন তিনি।
বর্তমানে সিন্ধিয়া রয়েছেন রোমানিয়াতে। ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে সিন্ধিয়া ছাড়াও আরও তিন কেন্দ্রীয় মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। মোদীর নির্দেশ অনুযায়ী হরদীপ পুরী রয়েছেন হাঙ্গেরিতে, কিরেন রিজিজু রয়েছেন স্লোভাকিয়াতে ও জেনারেল ভিকে সিং রয়েছেন পোল্যান্ডে।
এখনও পর্যন্ত ইউক্রেনে থেকে মোট ১৭ হাজার ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানা গিয়েছে। বায়ু সেনার উদ্যোগে ৪টি বিমানে করে সি-১৭ সামরিক যুদ্ধ বিমানে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভারতীয়দের ইউক্রেন থেকে ফিরিয়ে আনতে খুবভ চেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকার।






