“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাদাখের ভয়াবহ ঘটনা নিয়ে চুপ কেন?” এবার টুইটারে ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোমবার রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় মারা গিয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। অথচ সেই নিয়ে এখনো পর্যন্ত একটা বাক্য ব্যয় করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই নিয়েই এবার প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ বিঁধলেন মহুয়া।
মঙ্গলবার গভীর রাতে একটি টুইটবার্তায় মহুয়া বলেন, ‘সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রচার চালিয়ে ২০১৯ সালে নির্বাচনে জিতেছিল বিজেপি। যার কোনও আসল প্রমাণ আমরা এখনও দেখিনি। এখন ২০ জন মৃত জওয়ান আমাদের দিকে তাকিয়ে আছেন, আর প্রধানমন্ত্রী নীরব।’ স্বাভাবিকভাবেই তার এই টুইট নিয়ে রাজনৈতিক শিবিরে শুরু হয়েছে জোর গুঞ্জন।
https://twitter.com/MahuaMoitra/status/1273002321283145728?s=20
বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে ভারতের উপর নেপাল,পাকিস্তান,চীন পড়শি দেশগুলো বিভিন্ন বিষয়ে অমানুষিক চাপ সৃষ্টি করছে। মহুয়া এই বিষয়েও টুইটে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘শেষবার কখন এক সপ্তাহের ব্যবধানে এগুলি হয়েছিল? ১) উত্তেজনা প্রশমনের চেষ্টার সময় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ২০ জনের মৃত্যু, ২) সবথেকে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী (দেশ) কোনও আলোচনা ছাড়াই একতরফা রাজনৈতিক মানচিত্র সংশোধন করছে, ৩) চিন, পাকিস্তান, নেপাল – তিন সীমান্তে ভারতীয়দের মৃত্যু। কারণ জানতে চাওয়ার জন্য দেশবিরোধী, কীভাবে প্রশ্ন করায় রাষ্ট্রদ্রোহিতা।’ এখন প্রধানমন্ত্রী মোদী এই বিষয়ে কী উত্তর দেন সেটাই দেখার।
যদিও শুধু মহুয়া নয়। গালওয়ান উপত্যকায় চীনা সেনার এই নৃশংসতার কারণে বিরোধীদের সম্মিলিত আক্রমণে পড়েছেন মোদী। রাহুল গান্ধী, পি চিদম্বরম-সহ বিরোধীরা একটাই প্রশ্ন করছেন, প্রধানমন্ত্রী চুপ কেন! রাহুল লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নীরব কেন? তিনি কী লুকোচ্ছেন? যথেষ্ট হয়েছে। আমরা জানতে চাই কী হয়েছে। আমাদের সেনা জওয়ানদের হত্যার সাহস কীভাবে পায় চীন? আমাদের ভূখণ্ড দখল করার সাহস হয় কীভাবে?”
https://twitter.com/MahuaMoitra/status/1273091510724988928?s=20
এবার বিরোধীরা মোদীর পুরনো টুইটগুলোকে সামনে আনছেন। ক্ষমতায় আসার আগে মোদী টুইট করতেন যে সরকারপক্ষ চুপ কেন। এখন তিনি নিজে কেন চুপ!
বিরোধী শিবিরের বক্তব্য, পাকিস্তানের সীমান্ত আগ্রাসন নিয়ে যেভাবে মন্তব্য করেন মোদী এবং তাঁর পারিষদরা, চীনের বেলায় তো তার বিন্দুমাত্র দেখা যাচ্ছে না। ২০ জন জওয়ানকে চীন হত্যা করার পরও বিদেশ মন্ত্রকের বিবৃতি যথেষ্ট ‘নরম’। এটা কেন হবে?





