এগোচ্ছে ভারত! বিগত ১০ বছরে ২৭.৩ কোটি মানুষ দারিদ্রসীমার ওপরে উঠেছেন, এই সংখ্যা বিশ্বে সর্বোচ্চ!

রাষ্ট্রপুঞ্জ থেকে প্রশংসা পেল ভারত। ২০০৫-৬ এবং ২০১৫-১৬-র মধ্যে ২৭.৩ কোটি মানুষ দারিদ্র্য রেখার সীমা পার করেছেন বলে জানাল রাষ্ট্রপুঞ্জ। তাঁদের পেশ করা রিপোর্ট বলেছে, ভারতের এই দারিদ্রসীমা উত্তীর্ণ হওয়া মানুষের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা ইউএনডিপি ও অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা ওপিএইচআই এই সমীক্ষা পত্রটি সামনে এনেছে।

এখানে বলা হয়েছে, ৭৫টি দেশের মধ্যে ৬৫টি দেশ ২০০০ সাল থেকে ২০১৯-এর মধ্যে তাঁদের দারিদ্র উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছে।

এবার তাহলে দেখে নেওয়া যাক বহুমাত্রিক দারিদ্র কাকে বলে? গরিব মানুষরা প্রতিদিন যে সব সমস্যার সম্মুখীন হন, যেমন স্বাস্থ্য, শিক্ষার অভাব, জীবনযাত্রার অনুন্নত মান, ভাল কাজ না পাওয়া, হিংসার শিকার হওয়ার আশঙ্কা, পরিবেশগতভাবে অনুন্নত বসবাসের পরিবেশ- এই সবই বহুমাত্রিক দারিদ্রের অন্তর্গত। যে ৬৫টি দেশ এই মাল্টিডাইমেনশনাল পভার্টি ইনডেক্স বা এমপিআই কমাতে সক্ষম হয়েছে, তাদের মধ্যে ৫০টি দেশে দারিদ্রসীমার নীচে থাকা মানুষের সংখ্যাও কমেছে। রিপোর্টে বলেছে, দরিদ্রের সংখ্যা সব থেকে বেশি কমেছে ভারতে, গত ১০ বছরে এখানকার অন্তত ২৭.৩ কোটি মানুষ দারিদ্রসীমার ওপরে উঠেছেন।

রিপোর্ট জানাচ্ছে, আর্মেনিয়া, ভারত, নিকারাগুয়া এবং উত্তর ম্যাসিডোনিয়া গত ৫.৫ থেকে ১০.৫ বছরে তাঁদের গ্লোবাল এমপিআই অর্ধেক করতে সক্ষম হয়েছে। গোটা দেশেই ভারতে দারিদ্র লক্ষ্যণীয়ভাবে কমেছে বলে জানিয়েছে তাঁরা। ভারত সহ এই দেশগুলি দেখিয়ে দিয়েছে, কীভাবে দারিদ্র কমানো যায়। মূলত ভারতের বিপুল জনসংখ্যার কারণে হিসেবমত এই দেশগুলিতে বিশ্বের এক পঞ্চমাংশ মানুষ থাকেন। শিশুদের মধ্যে দারিদ্র কমার প্রধান কারণ, সরকারের সচেতনভাবে নেওয়া নীতিগত প্রচেষ্টা। যদিও করোনা অতিমারী শুরুর আগে বেরিয়েছে এই পরিসংখ্যান, করোনা শুরুর পর পরিস্থিতি বদলে যেতে পারে।

ভারতের প্রতিবেশী দুই দেশ নেপাল ও বাংলাদেশেও মানুষের দারিদ্র কিছুটা কমেছে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

RELATED Articles

Leave a Comment