গত সপ্তাহেই লাদাখের গালওয়ান উপত্যকায় ঘটে গেছে রক্তক্ষয়ী ভারত-চীন সংঘর্ষ। ভারতের তরফে ২০ জন জওয়ান শহীদ হয়েছেন। চীনের সংখ্যাটা এখনও অজানা। তবে অনুমান করা হচ্ছে হত-আহত মিলিয়ে সংখ্যাটা ৪০ ছাড়িয়েছে। অব্যাহত অশান্তির পরিস্থিতিতেই এবার প্রকাশ্যে এলো চীনের নতুন নিশানায় হানার পরিকল্পনা। এবার লাল ফৌজের লক্ষ্য পূর্ব লাদাখের ডেপসং।
সূত্রের খবর, ইতিমধ্যেই নতুন এলাকা দখলদারির উদ্দেশ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে শি জিনপিংয়ের দেশ এবং সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই এগোতে শুরু করেছে তাঁরা। শুধু তাই নয়, সূত্রের খবর অনুযায়ী চীনা বাহিনীর ট্যাঙ্ক মুভমেন্টও শুরু হয়ে গিয়েছে।
গালওয়ান, প্যাংগং-এর পর চীনের নজর এবার ডেপসং-এর দৌলত বেগ ওলদির দিকে। তবে ভারতীয় সেনার সামরিক অবস্থান ডেপসংয়ে বেশ শক্তিশালী। অর্থাৎ ভারত প্ররোচিত হলে যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা আছে ভারতীয় সেনার।
কিন্তু, এখানেই প্রশ্ন উঠছে চীনের বর্তমান উদ্দেশ্য নিয়ে। কারণ দুই দেশের বাহিনীর কম্যান্ডারের আলোচনায় শান্তির পক্ষেই বার্তা দিয়েছে চীন। শুধু তাই নয়, শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে নিজেদের বাহিনী ধীরে ধীরে পিছিয়ে নেওয়ার কথাও বলেছে চীনের বিদেশমন্ত্রকও। কিন্তু চীনের কথার সঙ্গে কাজের মিল পাওয়া যাচ্ছে না। বাহিনী পিছনে তো দূর অস্ত ভারতীয় এলাকা দখল করে সেখানেই ঘাঁটি গেড়েছে চৈনিকরা। ইসরোর উপগ্রহ চিত্রে ধরা পড়েছে গালওয়ান নদীর গতিপথ আটকে চীনাবাহিনীর দখলদারির চেষ্টা। একইসঙ্গে গালওয়ান উপত্যকায় চীনা বাহিনীর ঘাঁটি গড়ার ছবিও ধরা পড়েছে উপগ্রহচিত্রে।





