নজর রাখতেন তিব্বতি ধর্মগুরু দলাই লামার ওপর, র-এর কৌশলে দিল্লি থেকে গ্রেফতার চীনা স্পাই চার্লি পেং। স্বপ্ন বিফল। বহুদিন ধরে কোটি টাকার বিনিময়ে তিব্বতি ধর্মগুরু দলাই লামার ওপর নজর রাখছিলেন এই চীনা গুপ্তচর লুও সাং পেং। এজন্য বিভিন্ন তিব্বতি ধর্মগুরুদের প্রায়ই দু’ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হত।
আর এবার দলাই লামার ওপর নজরদারি ছাড়াও কোটি টাকার জালিয়াতির অভিযোগেই দিল্লি থেকেই গ্রেফতার করা হল এক চীনা নাগরিককে। তাঁর কয়েক জন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের নামে একাধিক অভিযোগ এনেছে আয়কর দফতর।
আজ অর্থাৎ রবিবার দিল্লির মজনু কা টিলা থেকে ধৃত তাঁরা। রাজধানীর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নামে আয়কর দপ্তর। তখনই গ্রেপ্তার করা হয় দলটিকে। পাণ্ডার নাম লুও সাং। তবে চার্লি পেং নাম নিয়ে এদেশে কাজ চালাত সে। বহুদিন থেকেই তাঁর গতিপ্রকৃতির ওপর নজর রাখছিল ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসি উইং বা ‘র’। ২০১৮ সালে একটি চরবৃত্তির অভিযোগও রয়েছে পেংয়ের বিরুদ্ধে।
সূত্রের খবর ২০১৪ সালে নেপাল দিয়ে বেআইনিভাবে ভারতে ঢোকেন পেং। তারপর মিজোরামের এক মহিলাকে বিয়ে করেন। মণিপুর থেকে ভুয়ো পাসপোর্ট করান। তখনই নাম ধারণ করেন পেং। এর পর ভুয়ো আধার কার্ড, প্যান কার্ডও করিয়েছেন। দলাই লামার খবরাখবর জানার জন্য নিজের দপ্তর থেকে ক্যুরিয়রে তিব্বতি সন্ন্যাসীদের টাকা পাঠাতেন পেং। আয়কর দপ্তর তদন্তে নেমে জেনেছে।
চীনের অ্যাপ উইচ্যাট–এর মাধ্যমে শাগরেদদের সঙ্গে যোগাযোগ করতেন পেং। সমস্ত লেনদেনের কাজ সারতেন। দেশে অন্তত ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে পেংয়ের। এই অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৩০০ কোটি টাকার জালিয়াতি হয়েছে। কয়েকটি চীনা সংস্থার সঙ্গে হয়েছে এসব। সেসব সংস্থাকে ধরা হয়েছে। আয়কর দপ্তরের সন্দেহ, টাকা নয়ছয়ে তাঁকে সাহায্য করেছেন এসব ব্যঙ্কেরই কর্মীরা। তাঁদের ধরার চেষ্টা করছে পুলিশ।





