US Tariff News : ভারতের উপর ২৫% শুল্ক, রাশিয়ার সঙ্গে সম্পর্কেই কি দায়? ‘মৃত অর্থনীতি’ তিরে ফের বিতর্কে ট্রাম্প!

সম্পর্কে ফাটল ধরলে তার আঁচ শুধু কূটনীতিতেই পড়ে না, প্রভাব পরে অর্থনৈতিক ক্ষেত্রেও। এবার সেই আঁচই যেন উসকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সাম্প্রতিক মন্তব্য ও পদক্ষেপে একদিকে যেমন তীব্রভাবে আক্রমিত হল ভারত, তেমনই রাশিয়ার প্রতিও ছুড়লেন তির্যক বাক্যবাণ। দুই দেশের অর্থনৈতিক কাঠামোকে ‘মৃত’ বলে অভিহিত করে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ট্রাম্প।

সম্প্রতি এক বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ঘোষণা করেছেন, ভারত থেকে আমদানি হওয়া সমস্ত পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক (tariff) বসানো হবে। শুধু এখানেই শেষ নয়, ভারতের উপর পেনাল্টি (penalty) বা জরিমানার কথাও জানান তিনি। ট্রাম্পের দাবি, রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্কই এই শাস্তিমূলক পদক্ষেপের কারণ। বিশেষত, তেল ও অস্ত্র কেনাবেচার বিষয়টিকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প লেখেন, “ভারত বিশ্বের সবচেয়ে বেশি ট্যারিফ আরোপকারী দেশগুলির মধ্যে অন্যতম।” তাঁর মতে, এই অতিরিক্ত শুল্কের জন্যই আমেরিকা-ভারত বাণিজ্যের পরিমাণ খুবই সীমিত। এখানেই না থেমে তিনি সরাসরি বলেন, “ভারত-রাশিয়া একসঙ্গে মৃত অর্থনীতিকে টেনে নিয়ে যাচ্ছে, এতে আমার কিছু আসে-যায় না। ওরা ডুবে যাক নিজেদের ভুল সিদ্ধান্তে।”

রাশিয়ার দিকেও কড়া ভাষায় তোপ দাগেন ট্রাম্প। তিনি জানান, রাশিয়ার সঙ্গে আমেরিকার ব্যবসায়িক সম্পর্ক প্রায় নেই বললেই চলে এবং ভবিষ্যতেও সেরকম কিছু হবে না। এরই মাঝে রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ কিছুদিন আগেই ট্রাম্পকে ‘ভয়ঙ্কর গেম প্লেয়ার’ বলেছিলেন, যাঁর পদক্ষেপ যুদ্ধ পর্যন্ত নিয়ে যেতে পারে। এর পাল্টা জবাবে ট্রাম্প বলেন, “রাশিয়ার ব্যর্থ প্রেসিডেন্ট মেদভেদেভ, যিনি নিজেকে এখনও প্রেসিডেন্ট ভাবেন, তাঁর মুখ বন্ধ রাখা উচিত।”

আরও পড়ুনঃ Amit Shah : ‘৯৩ হাজার পাকিস্তানি ছিল হাতে, তবু PoK ফেরেনি’, ১৯৭১-র যুদ্ধ টেনে কংগ্রেসকে তোপ অমিত শাহের!

ট্রাম্পের এই মন্তব্য ও পদক্ষেপ যে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করবে, তা বলাই বাহুল্য। ভারত-রাশিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা ও জ্বালানির ক্ষেত্রে, সবসময় আমেরিকার চোখে সন্দেহভাজন থেকেছে। তবে এবারের ট্রাম্পের এই ট্যারিফ সিদ্ধান্ত ও কঠোর ভাষায় আক্রমণ কেবল বাণিজ্য নয়, দ্বিপাক্ষিক সম্পর্ককেও বড়সড় ধাক্কা দিতে চলেছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles