গালওয়ান সংঘর্ষে ভারতীয় সেনার তুলনায় চীনা সেনার মৃত্যুর সংখ্যা ছিল দ্বিগুণেরও বেশি! ভাইরাল ছবি

গাল‌ওয়ান (Galwan Valley) সংঘর্ষের দুইমাস অতিক্রান্ত। ১৫ জুন গালওয়ান উপত্যকায় লালফৌজের (Chinese Soldiers) সঙ্গে সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় সেনা (Indian Army)। মৃত্যু হয়েছে চীনা সেনাদেরও দাবি করা হয় ভারতীয় সেনার তরফে। কিন্তু চীনা সেনার মৃত্যু নিয়ে কোন সরকারি বিবৃতি দেয়নি বেজিং (Beijing)। জানায়নি রক্তক্ষয়ী লড়াইয়ে তাদের কতজন সেনার মৃত্যু হয়েছে। ভারতের তরফে নিজেদের ক্ষয়ক্ষতির নিখুঁত হিসেব দিয়ে বিবৃতি দেওয়া হলে‌ও নিজেদের ক্ষেত্রে ব্যাপক গোপনীয়তা বজায় রেখেছিল চীন (China)। কতজন সেনা তাদের নিহত হয়েছে সেই সংখ্যা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছিল।

তবে এবার হালে খোঁজ মিলল গালওয়ানে হত চীনা সেনাদের সমাধির (Cemetery)। ভাইরাল হওয়া ছবি থেকেই ফাঁস হল বহু তথ্য। এমন কথাও শোনা গিয়েছিল যে গোপনীয়তার চক্করে শেষকৃত্য সম্পন্ন করতে দেওয়া হয়নি মৃত চীনা সেনাদের পরিবারদের। ব্যাপারটা নিয়ে হত সেনাদের পরিবার, বন্ধু, আত্মীয়রা তুমুল ক্ষোভ প্রকাশ করেছিলেন বলেও জানা গিয়েছিল। এমনকী কয়েক জায়গায় রীতিমতো বিক্ষোভও হয়।কিন্তু সেসব ঘটনা যতখানি সম্ভব ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করেছিল চীন। কিন্তু শেষরক্ষা বোধহয় হল না। ঘটনার কিছুদিন পরে আমেরিকা ও অন্যান্য কয়েকটি দেশের ইনটেলিজেন্স রিপোর্ট থেকে বেরিয়েই পড়ল আসল তথ্য। গালওয়ানে চীনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির (People’s Librarian Army) কম করে ৪০ জন সেনার মৃত্যু হয়েছে। আর এবার সেই সৈনিকদের সমাধির ছবিই ভাইরাল হল।

chinese soldiers cemetery

সম্প্রতি চীন বিষয়ক এক্সপার্ট এম টেলর ফ্রেভেল দাবি করেছেন যে চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো-তে একটি ছবি শেয়ার করা হয়েছে, যা গালওয়ানে নিহত এক চীনা সেনার সমাধি প্রস্তরের ছবি। সেই সমাধি পাথরের উপর লেখা রয়েছে সমাধিটি ১৯ বছর বয়সী এক চীনা সৈনিকের। নাম ছেন জিয়াংরঙ। ফুজিয়ান প্রদেশের বাসিন্দা ছেন চীনা সেনার ৬৯৩১৬ ইউনিটের সদস্য ছিল। চলতি বছরের জুন মাসে চীন-ভারত সীমান্ত সংঘর্ষে সে মারা গিয়েছে। টেলরের অনুমান যে ইউনিটের সদস্য ছিল এই সৈনিক, সেই ইউনিটটি হল তিয়ানওয়েন্ডিয়ান সীমা সুরক্ষা বাহিনী। এই বাহিনী মোতায়েন করা রয়েছে গালওয়ান ভ্যালির উত্তরে চিপ-চাপ উপত্যকায়। ভারত-চীন সেনা সংঘর্ষ এখানেই হয়েছিল। টেলর অবশ্য মনে করছেন এই ইউনিটটি পিএলএ-র ত্রয়োদশ বর্ডার ডিফেন্স রেজিমেন্টের অংশও হতে পারে। কেন্দ্রীয় সেনা কমিশন এই ইউনিটটির নাম রেখেছিল ইউনাইটেড কমব্যাট মডেল কোম্পানি।

টেলর মনে করছেন, সমাধি প্রস্তরের এই ছবি যে চীনা সেনাদের মৃত্যুর ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে এমনটা বলাই যায়। শুধুমাত্র এই ছবিটি নয় ভাইরাল হয়েছে আরও বেশ কয়েকটি ছবি। সেইসব ছবি যাঁরা পোস্ট করেছেন তাঁদের দাবি, সেগুলিও গালওয়ানে নিহত চীনা সেনাদের সমাধি প্রস্তরেরই ছবি। একটি এমন ছবিও ভাইরাল হয়েছে, যেখানে চীনা সেনার সমাধি প্রস্তরের সারি লক্ষ্য করা যাচ্ছে। চোখের আন্দাজে গুণলে এই সংখ্যা পঞ্চাশের মতো। সমাধি প্রস্তরের সঙ্গে একটি স্মারক স্তম্ভের দেখাও মিলছে ছবিতে। অতএব গোপন কথাটি গোপন রইল না। ওয়াকিবহাল মহল মনে করছে, ভারতের নিহত হওয়া সেনার সংখ্যার তুলনায় নিহত চীনা সেনার সংখ্যাটা দ্বিগুণেরও বেশি হওয়ার কারণেই সম্ভবত তা প্রকাশ্যে আসতে দিতে চায়নি চীন।

আরও অন্যান্য খবর