ইউরোপীয় ইউনিয়ন আমাদের বন্ধু: মোদী, সম্পন্ন হল India-EU অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর

ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে হৃদয়তা বহুদিনের। এই সহযোগিতার সম্পর্ক বর্তমান বিশ্বে শান্তি পরিস্থিতি বজায় রাখার জন্য অত্যন্ত দরকারি বলে মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ১৫ তম ভার্চুয়াল সামিট অনুষ্ঠানে এই কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। মোদীর এই মন্তব্যের ফলে নয়াদিল্লি ও ব্রাসেলসের সম্পর্ক আরো মজবুত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন নরেন্দ্র মোদী বলেছেন যে, “মার্চ মাসেই এই সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু করোনা অতিমারির জন্য এ সম্মেলন পিছিয়ে দিতে হয়েছিল। কিন্তু আজ যে আমরা পুনরায় মিলিত হতে পেরেছি এটা অত্যন্ত আনন্দের খবর। বর্তমান বিশ্বে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার নিরিখে যদি দেখা যায় ভারত ও ইউরোপীয় ইউনিয়নের যে দীর্ঘ দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা বিশ্বে শান্তি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এই দিনের ভার্চুয়াল সামিটে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের শীর্ষে ছিলেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

প্রসঙ্গত, মঙ্গলবার ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর হল। প্রায় ১৩ বছর ধরে আলোচনা চলার পর অবশেষে এই ব্যাপারে সাফল্য মিলল। এর ফলে আণবিক জ্বালানি ও শক্তি উৎপন্ন করার ক্ষেত্রে দু’পক্ষের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। উল্লেখ্য, পরমাণু চুক্তি ছাড়াও এদিন নয়াদিল্লি ও ব্রাসেলসের মধ্যে আন্তর্জাতিক জলসীমার সুরক্ষা, সন্ত্রাসবাদ, মুক্ত বাণিজ্যও-সহ একাধিক ব্যাপারে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নে বর্তমানে মোট ২৭ টি দেশ রয়েছে। ২০১৮ সালে ভারতের সবথেকে বড় বাণিজ্যিক সহযোগী ছিল ইউরোপীয় ইউনিয়ন। ২০১৮-১৯ সালে দু’পক্ষের মধ্যে প্রায় ১১৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বাণিজ্যও হয়েছে। এর মধ্যে ভারত রপ্তানি করেছে প্রায় ৫৭ বিলিয়ন ডলার মূল্যের পণ্য। তাই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর।

RELATED Articles

Leave a Comment