ভারতের খারাপ চাইলে ভারত কাউকে রেয়াত করবে না। উচিত জবাব দেবে দেশ। পশ্চিমবঙ্গে একটি ভার্চুয়াল সভায় বক্তব্য রাখতে গিয়ে এমন কথাই শোনা গেল তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদের গলায়।
চীনের সঙ্গে সংঘাতের মধ্যেই এই বার্তা দিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ। দেশে ৫৯ টি চীনা অ্যাপ বন্দিকে আসলে ডিজিটাল সার্জিকাল স্ট্রাইক বলে উল্লেখ করেন মোদী ক্যাবিনেটের এই মন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে দেশের ২০ জন সৈন্য প্রাণ হারালেও চীনের তরফে সংখ্যাটি দ্বিগুণ। সেই সঙ্গে তিনি জানান ভারত শান্তিপূর্ণ ভাবে সমস্যা সমাধানে আগ্রহী। কিন্তু কেউ যদি খারাপ চোখে তাকায়, তাকে যোগ্য জবাব দিতেও তৈরী ভারত। চীন এখনও সরকারিভাবে তাঁদের কতজন সেনা মারা গিয়েছে সেটা জানাচ্ছে না, এটাও সবাইকে মনে করিয়ে দেন তিনি।
পুলওয়ামা হানার পর ভারত যেভাবে বালাকোটে এয়ার স্ট্রাইক করেছিল, সেই কথাও তুলে ধরেন কেন্দ্রীয়মন্ত্রী। তিনি দাবি করেন যে প্রধানমন্ত্রী যখন বলেন যে জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না, তার একটা মানে আছে। যা বলা হয়, সেটা বাস্তবে করেও দেখায় মোদী সরকার, বলে জানান তিনি। উরির পর সার্জিকাল স্ট্রাইকের কথাও এই প্রসঙ্গে উল্লেখ করেন তিনি।
একই ভাবে রবিশংকর প্রসাদ বলেন যে ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করা আসলে চিনের বিরুদ্ধে ডিজিটাল স্ট্রাইক।





