মোদী সরকারের হাত ধরে কাবুল নদী অববাহিকায় বাঁধ নির্মাণে চুক্তিবদ্ধ হল ভারত-আফগানিস্তান

দীর্ঘ ৬ বছর যাবৎ কথাবার্তার পর অবশেষে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের পরে কাবুল নদী অববাহিকায় শাহতুত বাঁধ নির্মাণে চুক্তিবদ্ধ হল মিত্র দেশ ভারত ও আফগানিস্তান।

দীর্ঘদিন যাবৎ এই বাঁধ নির্মাণ নিয়ে কথাবার্তা চললেও কোনও ইতিবাচক সিদ্ধান্ত এর মধ্যে নেওয়া সম্ভব হয়নি। শেষমেশ মোদী সরকারের হাতেই এই ঐতিহাসিক এই জলচুক্তি  ঘোষিত হল। কাবুলের মানুষকে পানীয় জল সরবরাহে চুক্তিবদ্ধ হল নয়া দিল্লি।

আজ অর্থাৎ বুধবার মোদীর সঙ্গে এক ভিডিয়ো বৈঠকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বলেন, ‘করোনার লড়াইয়ে আমাদের ৫ লক্ষ প্রতিষেধক ডোজ দেওয়ার যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন, কঠিন সময়ে তার চেয়ে ভাল উপহার আর কিছু হতে পারে না।’

সম্প্রীতি সুরে সুর মিলিয়ে প্রধানমন্ত্রী মোদীও জানান, ‘ভারত এবং আফগানিস্তান উভয় দেশই হিংসামুক্ত পরিবেশ চায়। আফগানিস্তানে হিংসার ঘটনা বেড়ে যাওয়ায় আমরা উদ্বিগ্ন। আমরা কাবুলের পাশে রয়েছি।’

প্রসঙ্গত উল্লেখ্য, শাহতুত বাঁধ নিয়ে এর আগেই গলা তুলেছে ইসলামাবাদ। তবে তাতে পাত্তা দেয়নি ভারত। কাবুল নদী উপত্যকায় দিল্লি এই বাঁধ নির্মাণে উদ্যোগী হলে ইসলামাবাদ যে বাদ সাধবে, এটা ভারতের কাছে নতুন কোন‌‌ও বিষয় নয়। তবুও দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ভারত এই সিদ্ধান্ত নেয় বলে মত বিদেশ মন্ত্রকের।

RELATED Articles