বর্তমানে লাদাখে গালওয়ান উপত্যকায় বজায় রয়েছে থমথমে উত্তেজনা। এরইমধ্যে আজ প্রথমবার লাদাখের পূর্ব সীমান্তের চীনের বিদেশমন্ত্রী ওয়াং উইয়ের সঙ্গে আলোচনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
গত মাসের শুরুতে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পূর্ব লাদাখে মুখোমুখি সংঘর্ষে অবতীর্ণ হয় ভারত ও চীন সেনা। এতদিন তা কূটনৈতিক পর্যায়ে সমাধানের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু সোমবারে চীন ও ভারতের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং তার ফলে দুই দেশের সেনার মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে দুই দেশের বিদেশমন্ত্রক। গালওয়ান উপত্যকায় ‘গুরুতর’ পরিস্থিতিকে উপযুক্তভাবে সামলানোর সিদ্ধান্ত নেন তাঁরা।
বুধবার চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান রোজ যে সাংবাদিক সম্মেলন করেন সেখানে ঠিক সেই বক্তব্য রেখেছেন যে বক্তব্য তিনি মঙ্গলবার রেখেছিলেন সংবাদমাধ্যমের সামনে। অর্থাৎ গালওয়ানে সংঘর্ষে চীনা সেনার হতাহত নিয়ে বুধবার কোনওরকম মন্তব্য করেননি চীনের প্রতিনিধি। আগের দিন তিনি যেমন এই সংঘর্ষের দায় ভারতের উপর চাপিয়ে ছিলেন বুধবারও তিনি ঠিক এই কাজটাই করেছেন। তিনি বলেন, “ঠিক এবং ভুল দুটোই একেবারে পরিষ্কার। ঘটনাটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা চীনের দিকে হয়েছে এবং এটার জন্য চীনকে দোষারাপ করা যায় না। দু’পক্ষই কূটনৈতিক এবং সামরিক স্তরে সমস্যাটি সমাধানের চেষ্টা করছে। সার্বিকভাবে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল এবং নিয়ন্ত্রণযোগ্য।”
যদিও ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এখনো কোনো রকম কড়া সরকারি বিবৃতি পাওয়া যায়নি।





