মোদীর বিদেশ নীতির কারণে ‘বন্ধুহীন’ হচ্ছে ভারত, তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী

কাছছাড়া হচ্ছে বাংলাদেশ (Bangladesh)। বন্ধুহীন হচ্ছে ভারত (India)। আর এই কারণের জন্য দায়ী একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra modi) বিদেশ নীতি। এমনটাই দাবি করে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

বাংলাদেশে ভারতের আধিপত্য কমাতে প্রবল শক্তিতে নেমেছে চীন। বাংলাদেশকে ভারতের শত্রু রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্য তাদের। কিন্তু অন্যদিকে, সম্পর্কে স্থিতিশীলতা বজায় রাখতে ঢাকার (Dhaka) সঙ্গে দিল্লির (Delhi) সম্পর্ক আর মজবুত করতে বিশেষ মনোযোগ দিচ্ছে ভারত। শোনা গিয়েছিল কিছুটা হলেও শৈত্য এসেছে হাসিনা ও মোদি সরকারের সম্পর্কে। আর সেই গুঞ্জনকেই সঙ্গী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

আজ অর্থাৎ বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে কেন্দ্রীয় সরকারকে বিঁধে তিনি লেখেন, “কয়েক দশকের চেষ্টায় যে সম্পর্কের জাল তৈরি করেছিল কংগ্রেস, তা নষ্ট করে দিয়েছেন মোদী। বন্ধুহীন পাড়ায় বাস করা অত্যন্ত বিপজ্জনক।”

প্রতিবেশী চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষের পর থেকেই বিদেশনীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রসঙ্গত উল্লেখ্য, করোনাকে ঢাল বানিয়ে বাংলাদেশকে কাছে টানতে চাইছে চীন। ঢাকাকে ১ লক্ষের বেশি করোনা ভ্যাকসিনের (vaccine) ডোজ বিনামূল্যে সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে বেজিং।

তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোন‌ওমতে খারাপ করতে রাজি নয় ভারতও। আর তাই দুই দেশের সম্পর্কের উন্নতি কথা মাথায় রেখে বাংলাদেশে ভারতের নয়া রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হচ্ছেন দুঁদে কুটনীতিবিদ বিক্রম ডরাইস্বামী (Vikram Kumar Doraiswami)। বর্তমানে এই পদে রয়েছেন রিভা গাঙ্গুলী দাস (Riva Ganguly Das)। আগামী সেপ্টেম্বর মাসে বিদেশমন্ত্রকের সচিব (পূর্ব) হয়ে নয়াদিল্লি ফেরত আসবেন তিনি। সূত্রের খবর, সংশোধিত নাগরিকত্ব আইন (CAA), তিস্তা জলবণ্টন চুক্তি ও রোহিঙ্গা ইস্যু-সহ একাধিক বিষয়ে ঢাকার সঙ্গে নয়াদিল্লির কিছুটা চাপানউতোর চলছে। বিগত কয়েক মাসে ভারতের দূতের সঙ্গে নাকি একবারও দেখা করেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বাণিজ্য ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়ে লাগাতার বাংলাদেশের উপর নিজের প্রভাব বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন (China)।

RELATED Articles

Leave a Comment