ভারতীয় ভূ-খন্ড চাই! রাষ্ট্রপুঞ্জের কাছে আবদার নেপালের। মদতে বেজিং!

ভারতীয় ভূখণ্ডকে নিজেদের ম্যাপে অন্তর্ভুক্তি করেও শান্তি নেই নেপালের। মাত্রা ছাড়িয়ে এবার রাষ্ট্রপুঞ্জের দ্বারস্থ কেপি শর্মা ওলির সরকার। আর টলমল ওলির পিছনে রয়েছে চীন। পার্লামেন্টে পাশ হওয়া সংশোধিত ম্যাপ নিয়ে রাষ্ট্রপুঞ্জ-সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দ্বারস্থ হচ্ছে নেপাল।

সূত্রের খবর অগস্টের মাঝামাঝি ওই ম্যাপ আন্তর্জাতিক মঞ্চে উত্থাপিত করবে নেপাল। ভারতের অংশ লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে নেপালের ভূখণ্ড বলে দাবি করা হয়েছে ওই বিতর্কিত ম্যাপে।

নেপালের সঙ্গে ভারতের সংঘাতের সূত্রপাত শুরু হয়, উত্তরাখণ্ডের গাটিয়াবর্গ থেকে লিপুলেখ পর্যন্ত ৮০ কিলোমিটার রাস্তার আনুষ্ঠানিক সূচনার পর। নেপাল দাবি করে, ওই রাস্তা তাদের ভূখণ্ডের ওপর দিয়ে গিয়েছে। উল্লেখ্য, উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার অন্তর্ভুক্ত কালাপানি, লিম্পিয়াধুরা, লিপুলেখ নিয়ে নেপাল এবং ভারতের বিবাদ বহু পুরনো। সম্প্রতি গালওয়ান ঘটনায় চীনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক অবনতি হওয়ায় মাথাচাড়া দিয়ে উঠেছে নেপাল। তারাও ভারতের ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করতে শুরু করেছে।

নেপাল সরকারের ভূমি, সমবায় ও দারিদ্র দূরকরণ সংক্রান্ত মন্ত্রী পদ্ম আরায়লের কথায়, কালাপানি-লিপুলেখ এবং লিম্পিয়াধুরা-সহ নেপালের সংশোধিত ম্যাপ রাষ্ট্রপুঞ্জের অন্যান্য প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা হবে। ইংরেজি ভাষায় ৪ হাজার প্রতিলিপি ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্য দিকে জাতীয় স্তরে ওই ম্যাপের প্রায় ২৫ হাজার প্রতিলিপি ছাপিয়ে বিভিন্ন সরকারি অফিসে বিনামূল্যে দেওয়া হয়েছে। বাজারে নেপালি মুদ্রায় ৫০ টাকায় বিক্রি হচ্ছে নয়া ম্যাপ।

ভারতীয় ভূখণ্ডকে নেপাল নিজেদের বলে যে দাবি তুলেছে তা ইতিহাসের উপর ভিত্তি করে নয়। সামগ্রিক পরিস্থিতির উপর নজরে রাখছে সাউথ ব্লকও, এমনটাই জানাচ্ছে সূত্র।

RELATED Articles

Leave a Comment