ফোর্বস প্রকাশ করল বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী মহিলাদের নামের তালিকা। এই তালিকায় জায়গা পেয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ-সহ আরও দুই ভারতীয়। এঁরা হলেন এইচসিএল কর্পোরেশন-এর কর্ণধার রোশনি নাদার মালহোত্রা ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা বায়োকন এশিয়ার মহিলা শিল্পপতি কিরণ মজুমদার শ।
এই তালিকায় প্রথম স্থান পেয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। ফোর্বস মনে করে তিনি ইউরোপের সবচেয়ে প্রভাবশালী মহিলা। ইউরোপের অর্থনীতির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন তিনি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিশ্চিনা লগার্দে। এই তালিকায় প্রথমবার জায়গা করে নিয়েছেন হবু মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি রয়েছেন এই তালিকার তৃতীয় স্থানে।
নির্মলা সীতারমণ রয়েছেন ৪১তম স্থানে, রোশনি নাদার মালহোত্রা ৫৫তম স্থানে ও কিরণ মজুমদার শ এই তালিকায় রয়েছেন ৯৮তম স্থানে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই তালিকায় জায়গা করে নিয়েছেন। তিনি রয়েছেন এই তালিকার ৩৯ তম স্থানে। গত বছরের তুলনায় তিনি বেশ খানিকটা পিছিয়েই রয়েছেন।
বোঝাই যাচ্ছে, সবচেয়ে প্রভাবশালী ভারতীয় মহিলাদের মধ্যে শীর্ষস্থান অধিকার করে নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ফোর্বস-এর মতে, বিশ্বের অন্যতম বৃহত্তম গণতন্ত্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এমনিতেই বেশ প্রভাবশালী মহিলা, তার উপর তিনি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আস্থাভাজন।
প্রসঙ্গত, ফোর্বস প্রকাশিত এই প্রভাবশালী মহিলাদের তালিকায় একসময় নাম থাকত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীরও। কিন্তু এই বছর তিনি প্রথম ১০০ জনের মধ্যেও নাম করতে পারেন নি।





