নেপালকে ১০টি ভেন্টিলেটর উপহার দিল ভারত, প্রতিটির মূল্য ২ কোটি ৮০ লক্ষ টাকা

একদিকে নেপালের প্রধানমন্ত্রী ভারতকে টক্কর দিতে শ্রী রামকে হাতিয়ার করে রাজনীতি করছে। অন্যদিকে করোনার আবহে নেপালের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত। নেপালের সেনাবাহিনীর সাথে আগাগোড়াই ভারতীয় সেনার বেশ ভালো সম্পর্ক। এবার এই সম্পর্ককে মজবুত করতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ১০টি ভেন্টিলেটর উপহার দিল ভারত। এগুলির মূল্য ২ কোটি ৮০ লক্ষ টাকা।

নেপালের ভারতীয় দূতাবাস তরফে জানানো হয়েছে, নেপালের সেনারা বিপদে পড়লে প্রথম সাহায্য করতে এগিয়ে আসেন ভারতীয় সেনারাই, তা সে মানবিক সাহায্য হোক কিংবা ত্রাণ। তাই এবারও সেনার সদর দফতরের গ্র্যান্ড হলে নেপালের চিফ অফ আর্মি স্টাফ জেনারেল পূর্ণচন্দ্র থাপার হাতে ১০ টি ভেন্টিলেটর তুলে দিলেন ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কাটরা।

জানা গেছে, এই ভেন্টিলেটরগুলি শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত যে কোনো কাজেই ব্যবহার করা যাবে। যেমন আইসিইউ, মাল্টিস্পেশালিটি হাসপাতাল, ডেডিকেটেট আইসিইউ সবেতেই। গঠনগত দিক থেকে এগুলি পোর্টেবল। তাই ইনটেনসিভ কেয়ারে কোনও রোগীর প্রয়োজন পড়লে এগুলি দ্রুত তুলে নিয়ে যাওয়া সম্ভব।

করোনার আবহে এখনও অবধি নেপালে ২২,৫৯২ জন মানুষ সংক্রামিত হয়েছেন। এমন সংকটজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে নেপালের মানুষকে যথাসাধ্য সহায়তা করার চেষ্টা করবে ভারত, জানালেন ভারতীয় রাষ্ট্রদূত।

আরও অন্যান্য খবর