Bangladesh : “নারীদের উপর পশ্চিমী আইন চাপানো চলবে না”— ঢাকায় ২০ হাজার জনতার হুঙ্কার, বহুগামিতাই চায় ইসলামি গোষ্ঠী!

বিশ্বজুড়ে সমাজ বদলাচ্ছে। একের পর এক দেশ সমানাধিকারের পথে এগোচ্ছে। শিক্ষা, কাজ, ভোটাধিকার থেকে শুরু করে সম্পত্তির অধিকার— সবক্ষেত্রেই নারীদের জন্য খোলা হচ্ছে নতুন দিগন্ত। ভারত, নেপাল, শ্রীলঙ্কা– দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও এই পরিবর্তনের ছোঁয়া লাগছে। কিন্তু এই বদলেই যেন আপত্তি উঠেছে প্রতিবেশী দেশ বাংলাদেশের কিছু অংশে। প্রশ্ন উঠছে— সময়ের সঙ্গে তাল মিলিয়ে না চলার মানে কি পিছিয়ে পড়া?

নারী মানে শুধু পরিবারের দায়িত্ব নয়, সমাজ ও দেশের উন্নয়নের চাবিকাঠিও বটে। তাই নারীদের সমান অধিকার কোনও বিলাসিতা নয়, বরং মানবাধিকার। কিন্তু কোনও কোনও গোষ্ঠী এই পরিবর্তনকে দেখছে ‘পশ্চিমী সংস্কৃতির প্রভাব’ হিসেবে। ফলে শুরু হয়েছে টানাপড়েন— প্রগতির হাত ধরে চলবে, না কি পুরনো রীতিনীতি আঁকড়ে পড়ে থাকবে? এই দ্বন্দ্বের মধ্যেই ঢাকার রাজপথে দেখা গেল ভিন্ন চিত্র।

গত শনিবার ঢাকার বুকে বিশাল মিছিল করল হেফাজত-ই-ইসলাম নামক ইসলামিক সংগঠন। প্রায় ২০ হাজার সমর্থক সমবেত হয়ে এই মিছিলে অংশ নেন। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একাধিক দাবি তোলা হয়। মূলত, সরকার যে নারীদের সম্পত্তিতে সমান অধিকার দেওয়ার প্রস্তাব এনেছে, তার বিরোধিতাতেই গর্জে ওঠে তারা। পাশাপাশি বহুগামিতা নিষিদ্ধ এবং যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি দেওয়ার ভাবনাকেও কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে এই সংগঠন।

হেফাজতের নেতা মামুনুল হক সরাসরি দাবি করেন, সরকারের এই প্রস্তাব দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনতার ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। তাঁর কথায়, “ধর্মীয় আইন অনুযায়ী উত্তরাধিকারে নারী ও পুরুষের সমান অধিকার নেই। সেটিকে বৈষম্য বলার মানেই আমাদের ধর্মকে অসম্মান করা।” তিনি জানান, এই ধরনের ‘পশ্চিমঘেঁষা’ আইনের প্রয়োগ বাংলাদেশে চলবে না।

আরও পড়ুনঃ Kashmir : নিশিরাতে গুলি, সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি ! পাক সেনার টানা গুলিতে কাঁপছে কাশ্মীর, ঘুম উড়েছে হাজারো পরিবারের!

মিছিলে স্পষ্ট স্লোগান ছিল— “নারীর নামে পশ্চিমের আইন চলবে না”। আন্দোলনকারীরা দাবি তুলেছেন, অবিলম্বে এই প্রস্তাব প্রত্যাহার করতে হবে। তা না হলে আগামী ২৩ মে সারা দেশে আরও বড় আন্দোলনের ডাক দিয়েছে হেফাজত-ই-ইসলাম। ফলে পরিস্থিতি যে আরও উত্তপ্ত হতে চলেছে, তা বলাই যায়। নারীর অধিকারের প্রশ্নে বাংলাদেশে যে এখনও অনেক লড়াই বাকি, এই প্রতিবাদ তা স্পষ্ট করে দিয়েছে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles