চীন ইস্যুতে কড়া অবস্থান নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ভারতের পাশে থাকার বার্তা দিয়ে আমেরিকা জানিয়েছে বিশ্বের কোনও দেশের উপর চীনাদের দাদাগিরি বরদাস্ত করা হবে না। বুধবার এই বার্তাই দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাকর্তারা। চীন-ভারত যুদ্ধ বাঁধলে আমেরিকা ভারতের পাশে থাকবে, সেই বার্তাও মিলেছে মার্কিন সেনার তরফে।
তবে এবার বেজিংকে চাপে রেখে খাস হোয়াইট হাউসের তরফে ঘোষণা করা হল, অতি শীঘ্রই চীনের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউসের সংবাদ সচিব কেলি ম্যাকেনি বুধবার জানিয়েছেন, “চীনের বিরুদ্ধে আমরা কিছু কড়া পদক্ষেপ করতে চলেছি। খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। কী পদক্ষেপ? সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আপনাদের আরও তথ্য দেবেন। আমি প্রেসিডেন্টের আগে কিছু বলব না।” আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েনও একই কথা বলেছেন। তাঁর দাবি, “চীনের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের মতো কড়া অবস্থান আর কোনও মার্কিন প্রেসিডেন্ট নিতে পারেননি। আগামী কয়েকদিনে বড়সড় পদক্ষেপ করতে চলেছি আমরা।”
আমেরিকা-চীন খটাখটি লেগে আছে বহুদিন যাবত। তাতে নতুন মাত্রা যোগ করে করোনা মহামারী। ভাইরাস ছড়ানোর অভিযোগে একেবারে শুরু থেকেই চীনের ওপর রেগে কাঁই মার্কিন প্রেসিডেন্ট। বারবার অভিযোগ করেছেন, করোনা মহামারী ছড়িয়ে দিয়ে আমেরিকা এবং বিশ্বের বহু ক্ষতি করে দিয়েছে ড্রাগনরা। আর তাই চীনকে থামাতে তাঁদের বিরুদ্ধে কিছু পদক্ষেপও করা হয়েছে। আমেরিকা সরকার চীনা কূটনীতিক বা চীনের কমিউনিস্ট পার্টির সদস্যদের আমেরিকার ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে।
চীনের সঙ্গে আমেরিকার কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কও কার্যত শেষের পথে। এমনকী ভারতের প্রধানমন্ত্রীর দেখানো পথ ধরে আমেরিকার বাজারে বন্ধ হতে চলেছে সমস্ত চীনা অ্যাপ। আর এবার আরও বড় কোনও পদক্ষেপের ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। জানিয়ে দিলেন, দ্রুত চীনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করবে আমেরিকা। কি পদক্ষেপ সেটা শুধু সময়ই বলবে।





