ডাক্তারদের নিগ্রহ করলেই এবারে হতে পারে ১০ বছরের জেল এবং ৫ লক্ষ টাকা জরিমানা৷

কিছুদিন আগেই এনআরএস এ ঘটে যাওয়া জুনিয়র ডাক্তারদের ওপর হামলার জেরে রাজ্য তথা দেশ জুড়ে শুরু হয়েছিল ডাক্তারদের কর্মবিরতি আন্দোলন৷ জুনিয়র ডাক্তারদের পাশাপাশি এই আন্দোলনে যোগ দিচ্ছেলেন সিনিয়র ডাক্তাররাও। ফলস্বরূপ রাজ্যে চিকিৎসা পরিষেবার অচলাবস্থা শুরু হয়৷ এরপর দেশেরও বিভিন্ন স্থানের চিকিৎসকরা এই ঘটনার প্রতিবাদের কর্মবিরতি পালন করেন৷ এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতকাল বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করেন জুনিয়র ডাক্তাররা। তবে দিল্লি AIIMS এ এরমধ্যেই ফের ঘটে চিকিৎসক নিগ্রহের ঘটনা। এরপরই চিকিৎসকরা দাবী করেন তাদের সুরক্ষার জন্য নয়া আইন প্রণয়নের।

 

এনআরএস এর তথা রাজ্যের অন্য জুনিয়র ডাক্তাররাও দাবী জানিয়েছিলেন যে ডাক্তারদের ওপর হাত তুললে অপরাধীকে দিতে হবে কঠিন শাস্তি৷ সেই পথে হেঁটেই এবারে আইএমএ-এর তরফেও কেন্দ্রীয় সরকারের নিকট চিঠি পাঠানো হয়েছে ডাক্তারদের নিগ্রহের সঙ্গে জড়িত অপরাধীদের কঠোর আইনি শাস্তির ব্যবস্থা করার৷ এরপরই শোনা যাচ্ছে যে ডাক্তারদের জন্য নয়া সুরক্ষা আইন খুব শীঘ্রই প্রণয়ন করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, যে আইন হতে চলেছে তাতে ডাক্তারদের নিগ্রহ কিংবা মারধর করলে অভিযুক্তর হতে পারে ১০ বছর কারাদণ্ড এবং সঙ্গে ৫ লক্ষ টাকা জরিমানা৷ যদিও এই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন৷ তিনি জানান যে শীঘ্রই ডাক্তারদের নিরাপত্তার দরুণ আইন প্রণয়ন করা হবে৷ তবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্য সরকারের মন্ত্রীদের সঙ্গে কথা বলেই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর