রবিবার বাসন্তীর সভায় মুখ্যমন্ত্রীর একটি বক্তব্যকে কেন্দ্র করে বেঁধেছে বিতর্ক। মমতা বন্দ্যাোপাধ্যায় বলেছিলেন, ”ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব। যা দেখিয়েছেন, সেই আয়নাই দেখবেন। অনেক অপমান করেছেন। সরকার চালাতে দেন না। আইনশৃঙ্খলায় হস্তক্ষেপ করেন”। মূলত তৃণমূল নেত্রীর এই বক্তব্যকেই হাতিয়ার করে নির্বাচন কমিশনের নিকট এবারে তাঁর সভা সমাবেশ নিষিদ্ধ করার দাবী জানালো বিজেপি।
প্রথমে মুখ্যমন্ত্রী এহেন মন্তব্য৷ তারপর আজ অমিত শাহের রোড শো এর পর কলেজ স্ট্রিট, বিধাণ সরণিতে তৃণমূল – বিজেপির সংঘর্ষে উত্তেজনা৷ এই ঘটনাগুলিও ওপর ভিত্তি করেই আজ নির্বাচন কমিশনের নিকট দ্বারস্থ হলেন বিজেপি নেতা এবং নেত্রী, যথাক্রমে মুখতার আব্বাস নকভি ও নির্মলা সীতারমণরা।
তাঁরা নির্বাচনের কমিশনের নিকট দাবী জানান যে যেন সপ্তম দফার ভোটের পূর্বে এখন থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সমাবেশে৷ কারণ হিসেবে এই দুই বিজেপি নেতা এবং নেত্রী জানান যে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তৃতার মাধ্যমে হিংসাত্মক ঘটনা ঘটানোর প্ররোচনা দেন। এই প্রসঙ্গে তাঁরা উল্লেখ্য করেন বাসন্তীর সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের এবং জানান যে তৃণমূল নেত্রীর প্ররোচনাতেই তৃণমূল কর্মীরা হিংসাত্মক রাজনীতি করছে, অরাজকতা ছড়াচ্ছে পশ্চিমবঙ্গে।
বিজেপি নেতা নেত্রীর এই অভিযোগ পাওয়ার পর দিল্লির নির্বাচন কমিশনের মুখ্য কার্যালয়ের তরফে তাদের আশ্বাস দেওয়া হয়েছে যে, বিষয়টি তদন্ত করে দেখে শীঘ্রই পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।





