আজ সকাল থেকেই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত রয়েছে রাজধানী। সাথে উত্তর পূর্ব দিল্লিতে জারি রয়েছে ১৪৪ ধারা। যদিও জামা মসজিদ-এ শুক্রবারের নামাজ পড়ার জন্যে ওই অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়নি। কিন্তু পরবর্তী সময়ে নামাজ পড়ার পরেই বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে যায় জামা মসজিদ এলাকায়।
এই পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনেও সকালেই বিক্ষোভ দেখানো শুরু হয় কংগ্রেসের মহিলা শাখার তরফে। ওই বিক্ষোভে অংশগ্রহণ করে আটক হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা তথা দিল্লি কংগ্রেসের মহিলা শাখার প্রধান শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। এই ঘটনার পর কেন্দ্রের বিরুদ্ধে কংগ্রেস কর্মী-সমর্থকদের ক্ষোভ আরও বেড়ে চলেছে।
এদিন সকালে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের নেতৃত্বে সিএএ-বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় দিল্লি কংগ্রেসের মহিলা বাহিনী। বিক্ষোভ দেখানোর সময়ই প্রণব-কন্যা সহ কংগ্রেসের মহিলা সমর্থকদের আটক করে দিল্লী পুলিশ। ট্যুইট করে শর্মিষ্ঠা মুখোপাধ্যায় জানান যে, মোট ৫০ জন মহিলা কর্মীকে আটক করে মন্দির মার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিনা অনুমতিতে বিক্ষোভ দেখানোর জন্যই এঁদের আটক করা হয়েছে বলে দিল্লী পুলিশ জানিয়েছে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।





