২০১৪ সালের পর ফের ২০১৯ সাল। লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যক ভোট নিয়ে, একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের একবার সরকার গড়তে চলেছে বিজেপি। বলা বাহুল্য এবারেও প্রধানমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য শপথগ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী।
২০১৪ সালের ২৬ মে প্রথমবারের জন্য প্রধানমন্ত্রীর শপথগ্রহণ করেছিলেন মোদী। তার ঠিক ৫ বছর পর আজকের দিনেই রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিবৃতির মাধ্যমে সরকারি ভাবে জানানো হলো যে, আগামী ৩০ মে সন্ধ্যে ৭ টা নাগাদ দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন মোদী এবং সঙ্গে তাঁর মন্ত্রীসভার প্রত্যেকেই করবেন শপথগ্রহণ।
ইতিমধ্যেই কিছুদিন আগে নিয়মানুযায়ী প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন নরেন্দ্র মোদী৷ ভেঙে দেওয়া হয়েছিল মন্ত্রী সভাও। শনিবার দেখা গেলো নতুন মন্ত্রীসভা গঠনের হিড়িক। সব ঠিক হয়ে গেলে অবশেষে আগামী ৩০ মে ফের প্রধানমন্ত্রীর শপথগ্রহণ করবেন মোদী। বলা বাহুল্য, এবারের মন্ত্রীসভা বেশ অনেকটাই পাল্টে যেতে চলেছে।