করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন দিল্লির ১০৬ বছরের এক বাসিন্দা। তিনি নিজের জীবনে এর আগেও ভয়ঙ্কর এক মহামারীর সম্মুখীন হয়েছেন। ১৯১৮ সালে যখন তাঁর বয়স ছিল মাত্র চার বছর তখন ভয়ঙ্কর অতিমারী স্প্যানিশ ফ্লুকে প্রত্যক্ষ করেছিলেন তিনি। এছাড়া তাঁর পুত্রও করোনা আক্রান্ত। তাঁর বয়স ৭০ বছর। কিন্তু ছেলের আগেই সুস্থ হয়ে উঠেছেন এই প্রবীণ নাগরিক।
রাজীব গাঁধী সুপার স্পেশ্যালিটি হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন তিনি। এই প্রবীণ ব্যক্তি সেরে ওঠার পর তাঁকে নিতে আসেন তাঁর স্ত্রী, অপর এক পুত্র এবং এক আত্মীয়।
হাসপাতালের এক প্রবীণ চিকিৎসকের বক্তব্য, দিল্লিতে উনিই সম্ভবত একমাত্র রোগী যিনি স্প্যানিশ ফ্লু এবং করোনার মতো মহামারীকে একসাথে দেখলেন। তবে তিনি শুধু সুস্থই হননি, নিজের চিকিৎসাধীন ছেলের আগেই সুস্থ হয়ে উঠেছেন।
১০২ বছর আগে স্প্যানিশ ফ্লু সংক্রমণ ঘটেছিল। সেই সময় ওই রোগের কবলে পরে প্রায় চার কোটি মানুষ মারা গেছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনারা এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করার ফলে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হয়। ভারতেও কলকাতা, চেন্নাই, মুম্বই প্রভৃতি বন্দর সংলগ্ন এলাকায় এর প্রাদুর্ভাব ঘটেছিল। চিকিৎসকরা বলেন, উনি স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন কিনা সেটা সম্বন্ধে নিশ্চিতভাবে জানতে পারিনি। তবে উনি কোভিডের সঙ্গে লড়াইয়ে যে মনোবল দেখিয়েছেন তা আমাদের সকলেরই শেখার মতো।





