লাগাতার সাফল্যের মুখ দেখছে ভারতীয় নিরাপত্তা বাহিনী! টানা রবিরার থেকে জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় জঙ্গি নিকেশ করে চলেছে তাঁরা। বুধবার দক্ষিণ কাশ্মীরের সেই জেলায় আরও পাঁচ সন্ত্রাসবাদীকে খতম করলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জঙ্গি খোঁজে অভিযান চলছে এখনও।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, শোপিয়ানের সুগু এলাকায় জঙ্গিদের গতিবিধি সম্পর্কে সুস্পষ্ট তথ্য পেয়ে বুধবার সকালে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। তুমুল গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত পাঁচ জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেছে। আপাতত তাদের পরিচয় জানা যায়নি।
গত চারদিনে শোপিয়ানে এই নিয়ে ঘটল তৃতীয় এনকাউন্টারের ঘটনা। রবিবার রেবান এলাকায় ১২ ঘণ্টার গুলির লড়াইয়ে পাঁচ হিজবুল মুজাহিদিন জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তা বাহিনী। সোমবার আরও পিঞ্জোরায় চার জঙ্গিকে নিকেশ করা হয়েছিল। তারপর বুধবার আরও পাঁচ জঙ্গিকে গুলির লড়াইয়ে খতম করল নিরাপত্তা বাহিনী।
তবে শুধু শোপিয়ান নয়, পুরো জম্মু ও কাশ্মীরেই গত কয়েক সপ্তাহে একাধিক জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, গত ১৫ দিনে নয়া কেন্দ্রশাসিত অঞ্চলে আট প্রথম সারির কম্যান্ডার-সহ ২২ জঙ্গিকে নিকেশ করা হয়েছে।





