পরিযায়ীদের পাশে বলিউড। সোনু সুদের পর পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে উদ্যোগ নিলেন শাহেনশাহ্। রিপোর্টে প্রকাশ, মুম্বই থেকে উত্তরপ্রদেশের ১০০০ জন পরিযায়ী শ্রমিককে তাঁদের নিজেদের বাড়িতে চার্টার্ড বিমানে ফেরত পাঠাচ্ছেন অমিতাভ। মুম্বই থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুর, লক্ষ্ণৌ সহ একাধিক জায়গায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে রওনা দিচ্ছে চাটার্ড বিমান। মুম্বই থেকে উত্তরপ্রদেশের দিকে ইতিমধ্যেই রওনা দিয়েছে ইন্ডিগোর এ-৩২০ এয়ারবাস। ওই বিমানে রয়েছে ১৮০ জন পরিযায়ী শ্রমিক। এরপর আরও ৫টি বিমান মুম্বই থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাড়িতে পৌঁছে দেবে বলে খবর।
অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড-এর ডিরেক্টর রাজেশ যাদব জানান, পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দিতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য স্বয়ং দেখাশোনা করছেন বিগ বি। মুম্বই থেকে উত্তরপ্রদেশে নিজেদের বাড়িতে ফেরানোর জন্য ৬টি বিমানের ব্যবস্থা করেছেন অমিতাভ। এদিকে লকডাউনের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার পরিযায়ী শ্রমিককে নিজেদের রাজ্যে ফেরত পাঠিয়েছেন আরও এক বি-টাউন ব্যক্তিত্ব অভিনেতা সোনু সুদ।





