যেখানে একদিকে দিন প্রতিদিন রেকর্ড ভাঙছে করোনা সংক্রমণ সেখানে এক বেসরকারি সংস্থার সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর কিছু তথ্য। একদিকে ভারতে প্রতিদিন ৩০-৩৫ হাজার মানুষ নতুন করে সংক্রামিত হয়েই চলেছেন, আর অন্যদিকে একটি সমীক্ষার রিপোর্ট অনুসারে বলা হয়েছে ভারতের প্রায় ১৮ কোটি মানুষের শরীরে হয়তো এখন করোনা প্রতিরোধক ক্ষমতা তৈরি হয়ে গেছে।
থাইরোকেয়ার (Thyrocare) নামের একটি বেসরকারি ল্যাব দেশের বিভিন্ন শহরে প্রায় ৬০ হাজারেরও বেশি মানুষের ওপর এই সমীক্ষা চালিয়েছে। ২০ দিন ধরে চলা এই সমীক্ষার ফলাফল হিসেবে দেখা গেছে, পরীক্ষিত ব্যক্তিদের মধ্যে প্রায় ১৫ শতাংশ মানুষের শরীরেই করোনাভাইরাস প্রতিরোধক অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে ! সেই তথ্য থেকেই সংস্থার গবেষকরা হিসেব করেছেন, দেশের প্রায় ১৮ কোটি মানুষের শরীরে হয়তো করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে।
তবে থাইরোকেয়ার (Thyrocare)-এর এই সমীক্ষার ওপর নির্ভর করতে পারছেন না বিজ্ঞানীরা। দেশের বেশির ভাগ বিশেষজ্ঞদের মতে, থাইরোকেয়ার (Thyrocare)-এর এই তথ্যের পুনর্বার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। তাছাড়া এই তথ্য এখনও কোনো বিজ্ঞান বিষয়ক পত্রিকাতেও প্রকাশিত হয়নি। কিংবা এ বিষয়ে অন্যান্য বিশেষজ্ঞদের মতামতও জানা যায়নি।
উল্লেখ্য, থাইরোকেয়ার (Thyrocare)-এর বিভিন্ন শহরে প্রায় ৬০০ টি কেন্দ্রে এই পরীক্ষা হয়েছে। এই পরীক্ষা থেকে করোনার অ্যান্টিবডি তৈরি হওয়া নিয়ে সংশয় থাকলেও, মানুষের অ্যান্টিবডি পরীক্ষা করে তাদের শরীরের স্বাভাবিক অনাক্ৰম্যতা সম্পর্কে একটা প্রথমিক ধারণা পাওয়া গেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।





