করোনা সংক্রমণ মারাত্মকভাবে গোটা দেশে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে মাথাচাড়া দিচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। সংক্রমণ যদি বাড়ে তাহলে তা রোধে ভূমিকা থাকে সরকার ও জনপ্রতিনিধিদের। এরই মধ্যে উদ্বেগের খবর মিলল।
জানা গিয়েছে মহারাষ্ট্র সরকারের ১০ মন্ত্রী ও ২০ জন বিধায়ক আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এই খবর দিয়ে জানান যে এমন যদি চলতে থাকে তাহলে কড়া বিধিনিষেধ আরোপ করা হবে।
জানা গিয়েছে, মহারাষ্ট্রে আগের তুলনায় প্রায় ৫০ শতাংশ করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৭ জন। এ নিয়ে উপমুখ্যমন্ত্রী পাওয়ার জানিয়েছেন, “সম্প্রতি আমরা বিধানসভার অধিবেশনের সময়সীমাও সংক্ষিপ্ত করেছি। এখনও অবধি রাজ্যের ১০ জন মন্ত্রী এবং ২০ জন বিধায়ক করোনা আক্রান্ত হয়েছে। সকলেই নতুন বছর উদযাপন, জন্মদিন সহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আগ্রহী থাকেন। কিন্তু সকলের মনে রাখা উচিৎ ওমিক্রন ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তাই জন্য সতর্ক থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে বেশ কিছু রাজ্যে নাইট কার্ফু জারি করা হয়েছে। মহারাষ্ট্র ও পুনেতে করোনা সংক্রমণের হার সর্বাধিক”।
তিনি আরও জানান যে সরকার গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে এভাবেই যদি সংক্রমণ বাড়তে থাকে, তাহলে কঠোর বিধিনিষেধ জারি করা ছাড়া আর কোনও উপায় থাকবে না।
প্রসঙ্গত, গোটা বিশ্ব করোনা সংক্রমণের জেরে ভুগছে। কখনও তা বেড়েছে আবার কখনও কমেছে। গত দু’বছরে করোনার নানান ভ্যারিয়েন্ট বেরিয়েছে। এরই মধ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন।
গোটা দেশে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। দিল্লি ও মুম্বইয়ে এই সংখ্যা সবথেকে বেশি। সেখানে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। এরই মধ্যে দেশে করোনার দৈনিক গ্রাফও বেশ উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে।
গোটা দেশে সার্বিক করোনাগ্রাফে সামান্য পরির্বতন লক্ষ্য করা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭৭৫ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। দেশে ৮ হাজার ৯৪৯ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
অন্যদিকে, ওমিক্রনে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়েছে। সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩১-তে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশের ২৩টি রাজ্যে ছড়িয়ে পড়েছে করোনার অতি সংক্রামক এই ভ্যারিয়েন্ট। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৬১ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে।





