মার্কিন স্বাস্থ্য গবেষণা সংস্থা সেন্টার ফর ডিজিজ ডায়নামিকস, ইকোনমিকস অ্যান্ড পলিসি (সিডিডিইপি) জানিয়ে দিল, ‘খুব শিগগিরই করোনাভাইরাস সংক্রমণের সুনামি বয়ে যেতে পারে ভারতে। দেশটিতে ৩০ কোটি মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন। তাদের মধ্যে ৪০ থেকে ৫০ লাখ মানুষের অবস্থা আশঙ্কাজনক হতে পারে।’ সংস্থার পরিচালক রামানান লক্ষ্মীনারায়ণ এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ব্রিটেন ও যুক্তরাষ্ট্র যেভাবে করোনাভাইরাস মোকাবিলা নিয়ে আত্মতুষ্টিতে ভুগেছিল, ভারত যদি সেই পথে হাঁটে তাহলে পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়াবে।
যেমন ওই দুই দেশের ক্ষেত্রে হয়েছে। এ ক্ষেত্রে ৩০ কোটি মানুষ করোনা সংক্রমিত হতে পারেন। আক্রান্তদের মধ্যে ৪০ থেকে ৫০ লাখ মানুষের অবস্থা মারাত্মক হতে পারে।’ তাঁর আরোও দাবি, ‘২ থেকে ৩ সপ্তাহ আগেই ভারতে করোনাভাইরাস তৃতীয় স্তরে (স্টেজ-৩) প্রবেশ করেছে।’ চিনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা।
শুক্রবার দুপুর তিনটে পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আড়াই লাখ। প্রাণ হারিয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। ভারতে করোনার থাবায় মারা গিয়েছেন ৫ জন ; আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬। করোনা ছড়িয়ে পড়া আটকাতে আগামী রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশজুড়ে ‘জনতা কার্ফু’র ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।





