আমফানের পর পশ্চিমবঙ্গে উদ্ধারকাজে এসে করোনা সংক্রামিত হলেন NDRF জওয়ানরা। বঙ্গ থেকে ওড়িশায় ফিরে ৪৯ জন NDRF জওয়ানের করোনা রিপোর্ট পজিটিভ এলো। বাহিনীর তৃতীয় ব্যাটেলিয়নের সদস্য এক জওয়ানের দেহে গত ৫ই জুন করোনা অস্বিত্ব মিলেছিল।
NDRF-এর তরফে জানানো হয়েছে, বাহিনীর তৃতীয় ব্যাটেলিয়নের সদস্যের শরীরে পশ্চিমবঙ্গ থেকে কটক ফেরত যাওয়ার পরই করোনা সংক্রমণের প্রমান মিলেছে। কটকের SCB মেডিক্যাল কলেজে পশ্চিমবঙ্গ ফেরত NDRF সদস্যদের মধ্যে প্রথমে ৬ জনের করোনা পরীক্ষা করা হয়। প্রথমে তাদের মধ্যে ১ জনের রিপোর্ট পজিটিভ আসে। এর পর যাঁরা যাঁরা পশ্চিমবঙ্গে উদ্ধারকাজে এসেছিলেন তাঁদের প্রত্যেকের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তার মধ্যেই ৪৯ জনের রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্ত জওয়ানদের এখন কটকের করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত ২০ মে ঘূর্ণিঝড় আমফানের জেরে পশ্চিমবঙ্গের দক্ষিণভাগের বিস্তীর্ণ জেলাগুলিতে বিশাল ক্ষয়ক্ষতি হয়। আমফানের আঘাতের আগেই NDRF মোতায়েন করেছিল কেন্দ্রীয় সরকার। ঝড়ের তাণ্ডবের পর ত্রাণ ও উদ্ধারকাজে তৎপর হন NDRF বাহিনীর সদস্যরা।





