পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে খাবার দেওয়া সহ একগুচ্ছ ‘গুরুত্বপূর্ণ’ পদক্ষেপ গ্রহণ কেন্দ্রের

এবার পরিযায়ী শ্রমিকদের জন্য ভাবনা চিন্তা করা শুরু করল কেন্দ্রীয় সরকার। করোনা আবহে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন, প্রায় ৮ কোটি পরিযায়ী শ্রমিকের জন্য ‘এক দেশ, এক রেশন কার্ড’ প্রকল্পে ৩৫০০ কোটি টাকা খরচ করবে কেন্দ্র সরকার।

কী থাকছে এই প্রকল্পে?

কেন্দ্রীয় সরকার ঠিক করেছে, আগামী দু’মাস বিনামূল্যে খাবার দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের। যাঁদের কার্ড নেই তাঁদেরও মাথাপিছু ৫ কেজি চাল বা গম এবং ১ কেজি ডাল দেওয়া হবে।

জানা গিয়েছে, ‘একশো দিনের কাজ’ ও ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পে এই শ্রমিকদের অধিকাংশদের কাজে লাগানো হবে। সেইসঙ্গে জনধন যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পেও তাঁদের কাজে লাগানো হতে পারে। অর্থাৎ, পরবর্তীকালে এই পরিযায়ী শ্রমিকদের জীবন নির্বাহের জন্য জীবিকা নিয়েও ভাবছে কেন্দ্রীয় সরকার।

সরকারি সূত্র মারফত জানা গিয়েছে এই পরিযায়ী শ্রমিকদের জন্য ইতিমধ্যেই ভারতের মোট ১১৬ টি জেলার একটি তালিকা তৈরি করা হয়েছে। হিসাব অনুযায়ী জানা গিয়েছে এই জেলাগুলিতে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিকরা থাকেন। মূলত এঁদের জন্যই ভারত সরকারের প্রকল্প গুলি চালু করছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছ থেকে বিভিন্ন তথ্যও জানতে চাওয়া হয়েছে।

দেখে নেওয়া যাক কোন ১১৬টি জেলা এই তালিকায় রয়েছে।

সরকারি সূত্র অনুযায়ী বিহারের ৩২, উত্তরপ্রদেশের ৩১, মধ্যপ্রদেশের ২৪, রাজস্থানের ২২, ওড়িশার ৪ ও ঝাড়খণ্ডের ৩ টি জেলাকে বেছে নেওয়া হয়েছে পরিযায়ীদের জন্যে।

এর আগেই অবশ্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই পরিযায়ী শ্রমিকদের জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করা হয়েছিল। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে শ্রমিকদের জন্য ছোট ছোট ঘর তৈরি করা হবে বলে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পরিযায়ী শ্রমিকরা নিজ নিজ রাজ্যে ফিরে যাতে ১০০ দিনের কাজে অংশ নেওয়ার সুযোগ পান, তা নিশ্চিত করতে রাজ্যগুলিকে অনুরোধ করেছিলেন সীতারমন। এছাড়াও, ১০০ দিনের কাজে মজুরি ১৮২ টাকা থেকে বাড়িয়ে ২০২ টাকা করার কথাও ঘোষণা করেছিলেন তিনি।

এবার তাঁরা যাতে আরও ভালভাবে থাকতে পারে সেই জন্যেই আরও বড় দুটি প্রকল্পের কথা ঘোষণা করল কেন্দ্র সরকার।

RELATED Articles

Leave a Comment