লিফট থেকে বেরনোর আগেই হঠাৎই বন্ধ হয়ে যায় দরজা। এর জেরে লিফটের কাঠের দরজা ও গ্রিলের মাঝে আটকে পড়ে একটি ছোট্ট প্রাণ। দরজা ও গ্রিলের মাঝে পড়ে পিষে গিয়ে প্রাণ হারায় বছর পাঁচেকের একটি শিশু। ঘটনা শুনে শিউরে উঠেছে স্থানীয় বাসিন্দা।
ঘটনাটি ঘটেছে মুম্বই শহরের ধারাভি অঞ্চলের শাহু নগরে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে যে, দুই দিদির সঙ্গে খেলা করছিল হোজেফা শেখ নামের ওই খুদে। খেলার ছলেই দিদিদের সঙ্গে লিফটে ওঠে সে। উপরে ওঠার বোতাম টিপে লিফটের মধ্যেই খেলা করছিল তারা। চারতলায় গিয়ে লিফট থামে। এরপর অপর দুই বাচ্চা লিফট থেকে বেরিয়ে যায়।
কিন্তু লিফট থেকে বেরোতে গিয়ে আটকা পড়ে যায় হোফেজা। গ্রিল বন্ধ করার জন্য সে দাঁড়িয়ে থাকায় হঠাৎই বন্ধ হয়ে যায় কাঠের দরজা। আটকে পড়ে শিশুটি। সে আটকে পড়ার কিছুক্ষণের মধ্যেই চলতে শুরু করে লিফট। এর ফলে দরজার মাঝে পিষে যায় শিশুটি।

দীর্ঘক্ষণ ছেলের খোঁজ না পেয়ে মা তাঁর মেয়েদের কাছে ছেলের খোঁজ নেন। এরপর লিফটের কাছে যেতেই আঁতকে উঠেন তিনি। সেখানে রক্তের দাগ দেখতে পান তিনি। এরপর লিফটের নীচ থেকে উদ্ধার করা হয় শিশুর রক্তাক্ত দেহ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মাথায় গুরুতর চোট পেয়েই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।
এই দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। ওই লিফটে যাবতীয় সব নিয়মকানুন মেনে চলা হত কী না, তা খতিয়ে দেখছে পুলিশ। সেখানের সব আবাসনের লিফটে নতুন করে লিফটম্যান নিয়োগ করা হবে বলে স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।





