বিরোধীরা যতই বদনাম করুক, আবার বিশ্বে সেরা প্রমাণিত হলেন ভারতের প্রধানমন্ত্রী। নেট দুনিয়ায় তাঁকে নিয়ে নিন্দা হোক কি মশকরা, করোনা ভাইরাস মোকাবিলায় নরেন্দ্র মোদী সরকারের কাজে কিন্তু সন্তুষ্ট ৮৭ শতাংশ শহুরে ভারতীয়। সাম্প্রতিক একটি সমীক্ষায় এমনই চমকপ্রদ তথ্য উঠে এল।
গত ২৩ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিশ্বের ১৩ টি দেশে সমীক্ষা চালিয়েছিল বহুজাতিক সংস্থা Ipsos। প্রায় ২৬,০০০ জনের মতামত নেওয়া হয়েছিস। তার মধ্যে ন’টি দেশের অধিকাংশ মানুষের মতে, করোনা সংক্রমণ রুখতে তাঁদের সরকার ভালো কাজ করছে। সেই তালিকার রয়েছে ভারতও। এই রিপোর্ট সামনে আসতেই শাসকদলের বুক চওড়া হয়েছে গর্বে।
সমীক্ষায় বলা হয়েছে, ‘করোনা মোকাবিলায় মোদী সরকারের রিপোর্ট কার্ড প্রকাশিত হয়েছে। আশ্চর্যজনক ভাবে ৮৭ শতাংশ শহরে বসবাসকারী ভারতীয় সরকারকে ভালো রেটিং দিয়েছে।’
এরপরেই এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া (৮৪ শতাংশ), কানাডা (৮১ শতাংশ), জার্মানি (৭৫ শতাংশ) এবং ইতালি (৬১ শতাংশ)। এই দেশের এই শতাংশ মানুষের মতে, ভালোভাবেই করোনা সংকটের মোকাবিলা করছে তাঁদের দেশের সরকার।
তবে সরকারের কাজে খুশি নয় জাপান (৬২ শতাংশ), স্পেন (৬০ শতাংশ), ফ্রান্স (৫১ শতাংশ) এবং রাশিয়ার (৪৭ শতাংশ) মানুষরা। বরং তাঁদের মতে, সংশ্লিষ্ট দেশের সরকার করোনা রুখতে তেমন ভালো কাজ করেনি।





