২ বছরের জেল হল আম আদমি পার্টির বিধায়ক ও দলের অন্যতম শীর্ষ নেতা সোমনাথ ভারতীর। ২০১৬ সালে এইমসে সম্পত্তি ভাঙচুর ও রক্ষীদের হেনস্থা অভিযোগে এই রায় দিল দিল্লির এক আদালত।
অতিরিক্ত প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবীন্দ্র কুমার পান্ডে তাঁকে ১লক্ষ টাকা জরিমানাও করেছে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ১১ই সেপ্টেম্বর এইমসের চিফ সিকিউরিটি অফিসার আরএস রাওয়াতের অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমনাথ ভারতী ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে।
রাওয়াত অভিযোগ করেন, ৯ই সেপ্টেম্বর সকাল পৌনে দশটার সময় সোমনাথ ভারতী একদল জনতাকে সরকারি সম্পত্তি এইমসের পাঁচিল ভাঙতে উস্কানি দেন।
গৌতম নগরে এইমসের দেওয়ালের বাইরে একটি রাস্তা রয়েছে। ওই রাস্তায় পাঁচিল তোলা হয়। রাওয়াতের অভিযোগ, ওই পাঁচিল ভাঙার জন্য জেসিবি মেশিন নিয়ে পৌঁছন সোমনাথ ভারতী। ঘটনার দিন তাঁর সঙ্গে ছিল এলাকার লোকজন। রাওয়াতের অভিযোগ, সরকারি সম্পত্তি ভাঙতে বাধা দিলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার করেন সোমনাথ ভারতী। ঘটনায় ছয় রক্ষী জখম হন। অবশেষে পাঁচ বছর পর এই ঘটনায় শাস্তি পেলেন ভারতী।





