বর্তমান সময়ে ভারত-পাকিস্তান সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল। এই পরিস্থিতিতে পাকিস্তান সম্পর্কে ইতিবাচক মন্তব্য করা মানেই বিতর্কে জড়িয়ে পড়া। ঠিক এমনটাই ঘটেছে অভিনেত্রী স্বরা ভাস্করের ক্ষেত্রে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর পুরনো পাকিস্তান সফরের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে লাহোর শহরের প্রশংসা করেন, যা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে আলোচনা শুরু হয়েছে।
ঘটনার সূত্রপাত রণবীর সিং অভিনীত নতুন ছবি ‘ধুরন্ধর’ নিয়ে বিতর্ক থেকে। এই ছবিতে একটি বিশেষ সম্প্রদায়কে খারাপভাবে দেখানো হয়েছে বলে অভিযোগ ওঠে। স্বরার মা ইরা ভাস্কর প্রথম এই বিষয়টি নিয়ে আপত্তি জানান। পরে স্বরাও ছবির বিরুদ্ধে মত প্রকাশ করেন। পাশাপাশি, তাঁর স্বামী মুসলিম হওয়ায় তাঁকে অনেক সময়ই পক্ষপাতদুষ্ট বলে কটাক্ষের মুখে পড়তে হয়।
এই পরিস্থিতিতেই স্বরা তাঁর কলেজ জীবনের একটি অভিজ্ঞতার কথা বলেন। তিনি জানান, সেই সময় হঠাৎই তাঁর ইচ্ছা হয়েছিল পাকিস্তান ঘুরে দেখার। তাঁর বাবা নৌসেনার উচ্চপদস্থ অফিসার হওয়ায় প্রয়োজনীয় অনুমতি নিয়ে এক বান্ধবীর সঙ্গে তিনি লাহোরে যান। সেই সফর তাঁর জীবনে বিশেষ স্মৃতি হয়ে রয়েছে বলে জানান তিনি।
স্বরা বলেন, তিনি লন্ডন, প্যারিস বা আমেরিকার মতো বহু জায়গায় গিয়েছেন, কিন্তু লাহোরের অভিজ্ঞতা আলাদা। তাঁর কথায়, সেখানে গিয়ে কখনও মনে হয়নি যে তিনি কোনও ‘শত্রু দেশে’ আছেন। বরং মানুষের আন্তরিকতা ও আতিথেয়তা তাঁকে মুগ্ধ করেছিল। লাহোরের আনারকলি মার্কেটে ঘোরার সময় দোকানদাররা তাঁদের আপ্যায়ন করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুনঃ Ukrainians Arre”sted in India : জ*ঙ্গি প্রশিক্ষণ নাকি নিছক ভুল? ভারতে ধৃত ইউক্রেনীয়দের ঘিরে গুপ্তচ*র যোগের চাঞ্চল্যকর দাবি!
অভিনেত্রীর মতে, সাধারণ মানুষ কখনও খারাপ হয় না, সমস্যা তৈরি হয় রাজনৈতিক পরিস্থিতি ও প্রচারের কারণে। তিনি আরও জানান, ২০০৫ সালের পরেও একবার পাকিস্তান যাওয়ার সুযোগ হয়েছিল তাঁর। বর্তমানে দুই দেশের সম্পর্ক যখন তলানিতে, তখন স্বরার এই মন্তব্য যেমন অনেকের প্রশংসা পেয়েছে, তেমনই সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁকে।






