জম্মু-কাশ্মীরে হিন্দুদের উপর জঙ্গি হামলা উত্তরোত্তর বেড়েই চলেছে। কাশ্মীরি পণ্ডিতদের উপর যেভাবে হামলা করা হচ্ছে, তাতে কেন্দ্র সরকারের উপর বেশ চাপ বেড়েছে। এর জেরে এমন পরিস্থিতিতে এই নিয়ে কড়া পদক্ষেপ নিতে জরুরি বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ, শুক্রবারই এই বৈঠক ডেকেছেন অমিত শাহ। এদিনের এই জরুরি বৈঠকে উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পুলিশ প্রধান ও গোয়েন্দা সংস্থার অফিসাররা। এখনও পর্যন্ত এই বৈঠক চলছে বলে খবর।
প্রসঙ্গত, গত মঙ্গলবার এক কাশ্মীরি পণ্ডিত শিক্ষিকাকে গুলি করে খুন করে জঙ্গিরা। এরপর থেকেই উপত্যকার নানান জায়গায় প্রতিবাদে সামিল হন কাশ্মীরি পণ্ডিত-সহ একাধিক এলাকাবাসী। এরপর গতকাল, বৃহস্পতিবার ফের এক হিন্দু ব্যাঙ্ক কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে জঙ্গিরা। এর জেরে পরিস্থিতি এখন আরও উত্তপ্ত।
কিছু শ্রেণীর মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার কথা বলেছেন। সম্প্রতি কাশ্মীরি পণ্ডিতদের উপর জঙ্গি হামলার ঘটনা ক্রমে বেড়েই চলেছে। এক্ষেত্রে কেন্দ্র সরকারের কাছে বারবার আর্জি জানানো হলেও হামলার ঘটনা কমেনি।
সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই বেশ কিছু কাশ্মীরবাসী পায়ে হেঁটে এলাকা ছাড়তে শুরু করেছেন। বাকি এলাকাবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে যদি ফের কোনও হামলার ঘটনা ঘটে, তাহলে কেন্দ্র সরকারের উপর যে চাপ আরও বাড়বে, তা বেশ স্পষ্ট। এই কারণেই জরুরি বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে, এই বৈঠকে কাশ্মীর নিয়ে কেন্দ্রের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।





