‘আমাকে ভুল প্রমাণ করেছেন আপনি’, মোদীর সঙ্গে আলাপচারিতায় তাঁর হাত ধরে আবেগপ্রবণ হয়ে পড়লেন পদ্মশ্রী প্রাপক শিল্পী

চলতি বছর কেন্দ্রের তরফে পদ্ম সম্মানে (Padma Award) ভূষিত করা হয়েছে ১০৬ জনকে। তাদের মধ্যে ৫২ জনকে গতকাল, বুধবার পদ্ম সম্মান তুলে দেয় কেন্দ্র। তাদের মধ্যেই অন্যতম হলেন শিল্পী রশিদ আহমেদ কাদরি (Rashid Ahmed Quadri)। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) হাত থেকে পদ্ম পুরস্কার নেওয়ার পর তিনি কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে। তাতেই আবেগে ভাসেন শিল্পী। বলেন, “‘আমাকে ভুল প্রমাণ করেছেন আপনি”। এমন কথা কেন বললেন শিল্পী?

গতকাল, বুধবার পদ্ম সম্মান দেওয়ার অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্ম সম্মান গ্রহণ করেন শিল্পী রশিদ আহেমদ কাদরি। তিনি কর্ণাটকের বাসিন্দা। হস্তশিল্পের সঙ্গে যুক্ত তিনি। এদিন পদ্ম সম্মান পাওয়ার পরই বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তাঁকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি ভিডিওতে দেখা গিয়েছে শিল্পীর সঙ্গে করমর্দন করছেন প্রধানমন্ত্রী।

সেই সময়ই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় বেশ আবেগতাড়িত হয়ে পড়েন শিল্পী রশিদ আহমেদ কাদরি। তিনি মোদীকে জানান যে তিনি ভেবেছিলেন বিজেপি সরকারের আমলে তিনি পদ্ম সম্মান পাবেন না। তবে নরেন্দ্র মোদী ও তাঁর সরকার তাঁর এই ভুল ধারণা ভেঙে দিয়েছে।

https://twitter.com/ANI/status/1643626486484574208?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1643626486484574208%7Ctwgr%5Ecfd1a365cb159b4ffebfffd5148c18e21074aef2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fyou-proved-me-wrong-veteran-craft-artist-rasheed-ahmed-quadri-to-pm-at-padma-awar%2F

এদিন শিল্পী প্রধানমন্ত্রীকে আরও বলেন, “ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন পদ্ম সম্মানের আশা করেছিলাম, যদিও পাইনি। কখনওই ভাবিনি যে বিজেপি সরকার আমায় কোনও সম্মান বা পুরস্কার দেবে। কিন্তু আমায় ভুল প্রমাণ করেছেন আপনি। এর জন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ”।

প্রধানমন্ত্রী অবশ্য শিল্পীর এই কথার কোনও উত্তর দেন নি। শিল্পীর কথায় তিনি হাসেন ও হাতজোড় করে নমস্কার জানান তাঁকে। বলে রাখি, বুধবার যে ৫২ জনকে পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে, তাদের মধ্যে দু’জন পদ্মবিভূষণ প্রাপক, পাঁচজন পদ্মভূষণ ও বাকি ৪৫ জন পদ্মশ্রী প্রাপক ছিলেন।

RELATED Articles