২৪-এর লোকসভা নির্বাচনের আগেই খুলে যাবে অয্যোধ্যার রাম মন্দির। লোকসভা নির্বাচনের ৩-৪ মাস আগে নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে রাম মন্দিরের। গতকাল, মঙ্গলবার তা নিশ্চিত জানানো হল রাম মন্দির জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে।
গত রবিবার দীপাবলি উপলক্ষে অযোধ্যায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রথা মেনে শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক করেন মোদি। অযোধ্যা থেকে মোদী ঘুরে আসার পর মঙ্গলবার প্রথমবারের জন্য সংবাদমাধ্যমকে রাম জন্মভূমি চত্বরে ঢোকার অনুমতি দেওয়া হয়।
সেখানেই শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান শম্পত রাই জানান, নির্ধারিত গতিতেই এগোচ্ছে রাম মন্দির নির্মাণের কাজ। তিনি জানান, মন্দিরের ৫০ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ২০২৪ সালের জানুয়ারির গোড়াতেই মন্দির নির্মাণ এবং মূর্তি স্থাপনের প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
শম্পত রাই জানান যে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে রাম মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যাবে। ২০২৪-এর মকর সংক্রান্তির সময় রামলালার মূর্তি স্থাপন করা হবে মন্দিরে। আপাতত রামলালার মূর্তি অস্থায়ীভাবে এক মন্দিরে রাখা হয়েছে। মূল মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ হলেই স্থাপন করা হবে ওই মূর্তি।
এরপরই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে ২০২৪-এর মার্চ-এপ্রিল মাসে লোকসভা নির্বাচন হবে। অর্থাৎ নির্বাচনের আগেই খুলে যাবে অয্যোধ্যার রাম মন্দির। গেরুয়া শিবিরের তৃতীয় দফায় কেন্দ্রে সরকার গঠনে রাম মন্দির নির্মাণ বড় ভূমিকা পালন করতে পারে।
বলে রাখি, দীপাবলি উপলক্ষ্যে অয্যোধ্যাতে বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে। যোগী সরকারের উদ্যোগে অয্যোধ্যার দীপোৎসব উৎসবে ১৫ লক্ষ প্রদীপ জ্বালানো হয় যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছে। এবারের এই দীপোৎসবে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।





